শনিবার, ১৬ মে ২০২৬, ১০:২৪ পূর্বাহ্ন
মুন্সিগঞ্জের লৌহজং উপজেলার কনকসার ইউনিয়নে যুবলীগ নেতা আল আমিন খান (৪২) কে গ্রেপ্তার করেছে লৌহজং থানা পুলিশ।
থানা সূত্রে জানা যায়, ২০২৪ সালের জুলাই–আগস্টে মুন্সিগঞ্জে সংঘটিত একটি ছাত্র হত্যাকাণ্ডের ঘটনায় সিরাজদিখান থানায় দায়ের করা একটি মামলায় আসামি হিসেবে আল আমিন খানকে দেখানো হয়েছে। ওই মামলার প্রেক্ষিতেই তাকে গ্রেপ্তার করা হয়।
এছাড়াও মুন্সিগঞ্জ ম্যাজিস্ট্রেট আদালতে আল আমিন খানের বিরুদ্ধে তার স্ত্রী রিতা আক্তারের দায়ের করা যৌতুক ও নারী নির্যাতনের একটি মামলা বিচারাধীন রয়েছে। তিনি কনকসার ইউনিয়নের দিঘীরপাড় (ধিৎপুর) গ্রামের বাসিন্দা এবং হাতেম খানের ছেলে।
নারী নির্যাতন মামলার অভিযোগপত্রে উল্লেখ করা হয়, আল আমিন খান পরকীয়ায় আসক্ত, মাদক সেবনকারী এবং মাদক ব্যবসার সঙ্গে জড়িত।
ঘটনা সূত্রে আরও জানা যায়, বৃষ্টি রানী নামে একজন হিন্দু নারীর সঙ্গে আল আমিন খানের পরকীয়ার সম্পর্ক ছিল বলে অভিযোগ রয়েছে। ওই সম্পর্কের সূত্র ধরে ওই নারী নিজের নাম পরিবর্তন করে জান্নাতুল ফেরদৌস নাম ধারণ করেছেন বলেও অভিযোগে উল্লেখ করা হয়েছে।
লৌহজং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুল ইসলাম জানান, আল আমিন খানের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। বুধবার বিকেলে লৌহজং উপজেলার ঘোড়দৌড় বাজার এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। পরে তাকে থানায় নিয়ে আসা হয় এবং পুলিশের বিশেষ অভিযান ‘অপারেশন ডেভিল হান্ট’-এর আওতায় সিরাজদিখান থানার দেখানো মামলায় গ্রেপ্তার দেখিয়ে বৃহস্পতিবার তাকে মুন্সীগঞ্জ আদালতে পাঠানো হয়।