শনিবার, ১৬ মে ২০২৬, ১১:২০ পূর্বাহ্ন
সারাদেশের ন্যায় মুন্সীগঞ্জের লৌহজং উপজেলাতেও আনন্দঘন পরিবেশে উদযাপিত হয়েছে নতুন বছরের বই উৎসব। বৃহস্পতিবার সকালে উপজেলার গাঁওদিয়া ইউনিয়নের শামুরবাড়ি ইউনুছ খান মেমোরিয়াল স্কুল অ্যান্ড কলেজ মাঠে প্রাথমিক পর্যায়ের শিক্ষার্থীদের মাঝে বিনামূল্যে নতুন পাঠ্যবই বিতরণ করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। তিনি বিদ্যালয়ের প্রথম থেকে পঞ্চম শ্রেণির শিক্ষার্থীদের হাতে নতুন বছরের বই তুলে দেন এবং শিশুদের সঙ্গে কুশল বিনিময় করেন।
বক্তব্যের শুরুতে তিনি ছাত্র, শিক্ষক ও অভিভাবকদের শুভ নববর্ষ ২০২৬ উপলক্ষে আন্তরিক শুভেচ্ছা জানান। এরপর শিক্ষার্থীদের উদ্দেশ্যে তিনি বলেন, শিক্ষাজীবনে শুধু বইয়ের পড়ালেখায় সীমাবদ্ধ থাকলেই চলবে না; শিক্ষার পাশাপাশি সামাজিক মূল্যবোধ, নৈতিকতা ও মানবিক গুণাবলি অর্জন করাও অত্যন্ত গুরুত্বপূর্ণ।
এ সময় অভিভাবকদের উদ্দেশ্যে উপদেষ্টা বলেন, সন্তানদের ভবিষ্যৎ গড়তে হলে কেবল ব্যক্তিগত সাফল্যের চিন্তা করলেই হবে না; তাদের সমাজের প্রতি দায়িত্ব ও সামাজিক অধিকার সম্পর্কে সচেতন করে তুলতে হবে। তিনি আরও বলেন, শিশুরা শুধু ডাক্তার বা ইঞ্জিনিয়ার হলেই ভালো মানুষ হয়ে ওঠে না; তাদের একজন আদর্শ, সচেতন ও দায়িত্বশীল নাগরিক হিসেবে গড়ে তুলতে হবে।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইউনুছ খান মেমোরিয়াল স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ মো. কামরুল হুদা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইউনুছ খান মেমোরিয়াল স্কুল অ্যান্ড কলেজ ও ইউনুছ খান–মাহমুদা খানম ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা সভাপতি মো. ফরিদুর রহমান খান। এছাড়াও উপস্থিত ছিলেন সহযোগী অধ্যাপক ড. সুমন আহম্মেদ, সায়েরা খান, পরিচালনা পর্ষদের সদস্য জুবায়দা ফাইজা, রাফিয়া খান ও আসিফুর রহমান খানসহ প্রতিষ্ঠানের শিক্ষক, প্রশাসনিক কর্মকর্তা, শিক্ষার্থী ও অভিভাবকবৃন্দ।
নতুন বই হাতে পেয়ে শিক্ষার্থীদের মুখে ছিল আনন্দের হাসি। পুরো আয়োজনজুড়ে বিরাজ করে উৎসবমুখর পরিবেশ।