শনিবার, ১৬ মে ২০২৬, ০৭:৩২ পূর্বাহ্ন
কুমিল্লা মুরাদনগরের সাংবাদিক অঙ্গনে গভীর শোক নেমে এসেছে। মুরাদনগর প্রেসক্লাবের যুগ্ম-সাধারণ সম্পাদক ও দৈনিক আমার শহর পত্রিকার মুরাদনগর উপজেলা প্রতিনিধি মনির হোসেন খান সোমবার দিবাগত রাতে ইন্তেকাল করেছেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৬০ বছর। তিনি স্ত্রী ও দুই ছেলেসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
পারিবারিক সূত্রে জানা গেছে, সোমবার রাত আনুমানিক ৩টার দিকে হঠাৎ অসুস্থ বোধ করলে তাঁকে মুরাদনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। মঙ্গলবার বাদ যোহর মুরাদনগর বড় মাদ্রাসার মাঠে জানাজা শেষে দাফন সম্পন্ন হয়েছে।
তাঁর ভাগিনা আরিফ গাজি জানান, “মামা হঠাৎ অসুস্থ হয়ে পড়লে হাসপাতালে নেওয়া হয়, কিন্তু সেখানে পৌঁছানোর আগেই তিনি আমাদের ছেড়ে চলে যান।”
মুরাদনগর প্রেসক্লাব ও উপজেলার সাংবাদিকরা মনির হোসেন খানকে একজন নির্ভীক ও দায়িত্বশীল সাংবাদিক হিসেবে স্মরণ করেছেন। তাঁর মৃত্যু স্থানীয় সাংবাদিক সমাজের জন্য অপূরণীয় ক্ষতি বলে উল্লেখ করেছেন। বিভিন্ন সামাজিক ও পেশাজীবী সংগঠন শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।