শনিবার, ১৬ মে ২০২৬, ১০:২৫ পূর্বাহ্ন
নেত্রকোণার কেন্দুয়ায় ৪ কেজি গাঁজাসহ একজনকে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। গতকাল সোমবার দিবাগত রাতে উপজেলার গড়াডোবা ইউনিয়নের হাঁসকান্দা গ্রামে অভিযান চালিয়ে তাঁকে আটক করা হয়।আটক ব্যক্তির নাম মো. আবুল কাশেম (৪৫)। তিনি হাঁসকান্দা গ্রামের মৃত গিয়াস উদ্দিনের ছেলে।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ও স্থানীয় সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার রাতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর নেত্রকোণা জেলা কার্যালয়ের একটি বিশেষ দল হাঁসকান্দা গ্রামে রেইড পরিচালনা করে। অভিযানে আবুল কাশেমকে আটক করা হয় এবং তাঁর কাছ থেকে ৪ কেজির বেশি গাঁজা উদ্ধার করা হয়। উদ্ধারকৃত এই মাদকদ্রব্যের বর্তমান বাজারমূল্য প্রায় ১ লাখ ২০ হাজার টাকা।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর নেত্রকোণা জেলার সহকারী পরিচালক মো. নাজমুল হক আটকের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, জব্দকৃত মাদকসহ আসামিকে পুলিশে সোপর্দ করা হয়েছে।
কেন্দুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদী মাকসুদ জানান, গাঁজাসহ আটকের ঘটনায় ওই ব্যক্তির বিরুদ্ধে কেন্দুয়া থানায় একটি মামলা হয়েছে। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর এই মামলার তদন্তভার পরিচালনা করছে।