শনিবার, ১৬ মে ২০২৬, ০৭:২৯ পূর্বাহ্ন
টাঙ্গাইলের মির্জাপুরে ফের চুরির ঘটনায় সাধারণ মানুষের নিরাপত্তাহীনতা যেন আরও স্পষ্ট হয়ে উঠেছে। পৌর এলাকার বাওয়ার কুমারজানী পূর্বপাড়ায় তাইজ উদ্দিনের একতলা পাকা বাড়িতে ২৮ ডিসেম্বর গভীর রাতে সংঘটিত এ চুরির ঘটনায় পরিবারের সঞ্চিত প্রায় ৫ ভরি স্বর্ণালংকার খোয়া গেছে।
ভুক্তভোগী তাইজ উদ্দিন জানান, রাতের অন্ধকারকে পুঁজি করে দুর্বৃত্তরা বাড়ির একটি ঘরের জানালার গ্রিল কেটে ভেতরে প্রবেশ করে। এরপর নিঃশব্দে রুমের ওয়ার্ডরোব ভেঙে সেখানে রাখা স্বর্ণালংকার ও মূল্যবান কাপড়চোপড় লুট করে নিয়ে যায়। পরিবারের দীর্ঘদিনের কষ্টার্জিত সম্পদ এভাবে মুহূর্তেই হারিয়ে যাওয়ায় তারা মানসিকভাবে ভেঙে পড়েছেন।
সকালে ঘুম থেকে উঠে ঘরের অবস্থা দেখে পরিবারের সদস্যদের চোখে মুখে নেমে আসে আতঙ্ক ও অসহায়ত্ব। খবর ছড়িয়ে পড়লে এলাকাবাসীর মধ্যেও সৃষ্টি হয় উদ্বেগ ও চাঞ্চল্য। স্থানীয়রা জানান, ইদানীং মির্জাপুরের বিভিন্ন এলাকায় চুরির ঘটনা আশঙ্কাজনক হারে বেড়ে গেছে, যা সাধারণ মানুষের রাতের ঘুম কেড়ে নিচ্ছে।
এ ঘটনায় ভুক্তভোগী পরিবার মির্জাপুর থানায় অভিযোগ করার প্রস্তুতি নিচ্ছেন। পুলিশ জানিয়েছে, অভিযোগ পেলে দ্রুত তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে। তবে এলাকাবাসীর দাবি—চুরি রোধে শুধু আশ্বাস নয়, এখনই কার্যকর উদ্যোগ প্রয়োজন, নইলে আতঙ্ক আর নিরাপত্তাহীনতার ছায়ায় দিন কাটাতে হবে সাধারণ মানুষকে।