শনিবার, ১৬ মে ২০২৬, ১০:২৩ পূর্বাহ্ন
মিথ্যা, বানোয়াট ও উদ্দেশ্যপ্রণোদিত সংবাদের তীব্র প্রতিবাদ
স্টাফ রিপোর্টার:
দৈনিক উত্তরা খবর নামের একটি কথিত ফেসবুক পেজে প্রকাশিত “ব্রেকিং খবর” শিরোনামে আব্দুল্লাহপুর এলাকার আইয়ুব নামের এক ব্যক্তিকে কেন্দ্র করে যে বিভ্রান্তিকর, অসত্য ও মানহানিকর সংবাদ প্রকাশ করা হয়েছে, তার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।
প্রকাশিত তথাকথিত সংবাদে যেসব অভিযোগ আনা হয়েছে—তা সম্পূর্ণ মিথ্যা, ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রণোদিত। কোনো প্রকার যাচাই-বাছাই, প্রমাণ কিংবা সংশ্লিষ্ট ব্যক্তির বক্তব্য না নিয়েই এমন গুরুতর অভিযোগ প্রকাশ করা চরম সাংবাদিকতা-বিরোধী এবং নীতিগতভাবে দায়িত্বজ্ঞানহীন আচরণ।
উক্ত ফেসবুক পেজটি পরিকল্পিতভাবে একজন ব্যক্তির সামাজিক সম্মান ক্ষুণ্ন করা, রাজনৈতিকভাবে ঘোলা পানিতে মাছ শিকার এবং ব্যক্তিগত আক্রোশ চরিতার্থ করার উদ্দেশ্যে এ ধরনের কুৎসা রটনা করছে বলে প্রতীয়মান হয়। এটি স্পষ্টতই ডিজিটাল সন্ত্রাস ও চরিত্র হননের অপচেষ্টা।
আমরা দৃঢ়ভাবে জানাতে চাই—যদি প্রকাশিত সংবাদের পক্ষে কোনো নির্ভরযোগ্য প্রমাণ থাকে, তবে তা যথাযথ আইনগত প্রক্রিয়ায় উপস্থাপন করা হোক। অন্যথায় অবিলম্বে ওই মিথ্যা সংবাদ প্রত্যাহার করে সংশ্লিষ্ট ব্যক্তির কাছে নিঃশর্ত ক্ষমা প্রার্থনা করার আহ্বান জানানো হচ্ছে।
একই সঙ্গে প্রশাসন ও সাইবার ক্রাইম সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি—যেন ভুয়া ফেসবুক পেজ ও অপসাংবাদিকতার আড়ালে চলমান মানহানি ও গুজব রটনার বিরুদ্ধে দ্রুত আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়।
সত্য প্রকাশের নামে মিথ্যা পরিবেশন কখনোই সাংবাদিকতা হতে পারে না। আমরা এই ধরনের অপপ্রচারের বিরুদ্ধে ঐক্যবদ্ধ প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানাচ্ছি।