শনিবার, ১৬ মে ২০২৬, ০৭:২৯ পূর্বাহ্ন
ময়মনসিংহ জেলার ভালুকা উপজেলার দীপু চন্দ্র দাসকে নৃশংসভাবে হত্যার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও ঘন্টাব্যাপী মানববন্ধন কর্মসূচী পালিত হয়েছে। শুক্রবার(২৬ডিসেম্বর) বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোট নীলফামারী জেলা শাখার আয়োজনে সকালে কেন্দ্রীয় শ্রী শ্রী শিব মন্দির চত্বর থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে স্থানীয় চৌরঙ্গী মোড়ে সকাল ১১টা থেকে ১২টা পর্যন্ত মানববন্ধন কর্মসূচী পালন করে। বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোট নীলফামারী জেলা শাখার সভাপতি জুয়েল রায়ের সভাপতিত্বে কর্মসূচী চলাকালে বক্তব্য রাখেন, উপদেষ্টা পরিতোষ রায়, সাংগঠনিক সম্পাদক সনজয় সাহা, কোষাধক্ষ্য পরেশ চন্দ্র রায়, ডিমলা উপজেলা শাখার সভাপতি অমিতাফ রায়, মহিলা বিষয়ক সম্পাদিকা প্রিয়াংকা কর্মকার, হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ফ্রন্টের সদর শাখার আহবায়ক হিরম্ব কুমার রায়(হিরু), সদস্য সচিব বাসুদেব রায় প্রমূখ। বক্তরা বলেন, সনাতনদের উপর প্রতিনিয়ত অন্যায় অত্যাচার করা হচ্ছে। শুধু তাই নয় পুড়িয়ে মারার মতোও ঘটনা ঘটছে। সবকিছুর দ্রুত বিচার করা না হলে আমরা সনাতনীরা ভোট কেন্দ্রে যাবো না। এবং সকল সনাতনীদের ভোট বর্জনে সামিল করা হবে।