শনিবার, ১৬ মে ২০২৬, ১১:১৯ পূর্বাহ্ন
ঢাকার ধামরাই উপজেলার কালামপুর বাজার সংলগ্ন এলাকায় সরকারি আইন অমান্য করে এবং পরিবেশ অধিদপ্তরের কোনো তোয়াক্কা না করেই গড়ে উঠেছে ‘রহমান ব্রিকস এন্ড ব্লকস’ নামক একটি ইটভাটা। লোকালয় ও কৃষিজমির ঠিক পাশেই অবস্থিত এই ইটভাটাটির নির্গত বিষাক্ত ধোঁয়ায় একদিকে যেমন পরিবেশ ও জীববৈচিত্র্য ধ্বংস হচ্ছে, অন্যদিকে মারাত্মক স্বাস্থ্যঝুঁকিতে পড়েছে স্থানীয় বাসিন্দারা।
সরেজমিনে দেখা গেছে, ধামরাইয়ের কালামপুর এলাকার এই প্রতিষ্ঠানটির স্বত্বাধিকারী মোহাম্মদ লুৎফর রহমান। ভাটাটির চারপাশে ঘনবসতি ও ফসলি জমি থাকলেও সেখানে চব্বিশ ঘণ্টা বিষাক্ত ধোঁয়া নির্গত হচ্ছে। স্থানীয়দের অভিযোগ, ইটভাটার কারণে কৃষি জমির উর্বরতা হ্রাস পাচ্ছে এবং ফলের গাছগুলোতে ফলন কমে যাচ্ছে। বিশেষ করে শিশু ও বৃদ্ধরা শ্বাসকষ্টসহ বিভিন্ন চর্মরোগে আক্রান্ত হচ্ছে।
নাম প্রকাশে অনিচ্ছুক এক স্থানীয় বাসিন্দা জানান, “এখানে কোনো নিয়মনীতি মানা হচ্ছে না। আবাসিক এলাকায় কীভাবে এই ইটভাটা চলছে তা আমাদের বোধগম্য নয়। আমরা দ্রুত এই অবৈধ কার্যক্রম বন্ধের দাবি জানাচ্ছি।”
বাংলাদেশের ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন অনুযায়ী, শিক্ষা প্রতিষ্ঠান, আবাসিক এলাকা ও কৃষিজমির এক কিলোমিটারের মধ্যে কোনো ইটভাটা স্থাপন করা আইনত দণ্ডনীয় অপরাধ। এছাড়া পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র ছাড়া কোনো বাণিজ্যিক কার্যক্রম পরিচালনা করা অবৈধ।
সাম্প্রতিক সময়ে ধামরাইয়ের বিভিন্ন এলাকায় পরিবেশ অধিদপ্তর এবং উপজেলা প্রশাসন একাধিক উচ্ছেদ অভিযান চালিয়ে অনেক অবৈধ ইটভাটা গুঁড়িয়ে দিয়েছে এবং লাখ লাখ টাকা জরিমানা করেছে। তবে কালামপুর এলাকার এই ‘রহমান ব্রিকস এন্ড ব্লকস’-এর বিরুদ্ধে এখনো কোনো কার্যকর পদক্ষেপ নিতে দেখা যায়নি।
এলাকাবাসীর দাবি, পরিবেশ রক্ষায় এবং জনস্বাস্থ্য বজায় রাখতে দ্রুত এই অবৈধ ইটভাটাটির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হোক।