শনিবার, ১৬ মে ২০২৬, ১০:২৩ পূর্বাহ্ন
ফরিদপুর জেলার বোয়ালমারীতে সংঘটিত একটি চাঞ্চল্যকর দস্যুতা মামলার অন্যতম আসামিকে ঢাকার আশুলিয়া থেকে গ্রেফতার করেছে র্যাব।
গ্রেফতারকৃত আসামির নাম মোঃ মনির শিকদার (৪৫)।
র্যাব সূত্রে জানা যায়, ফরিদপুর জেলার বোয়ালমারী থানাধীন কালিয়ান্ড এলাকার বাসিন্দা মোঃ সাখাওয়াত হোসেন (৪০) এর বসতবাড়িতে গত ১ ডিসেম্বর ২০২৫ তারিখ রাত আনুমানিক ১১টার দিকে পরিবারের সদস্যরা রাতের খাবার শেষে ঘুমিয়ে পড়েন। পরদিন ২ ডিসেম্বর ভোর আনুমানিক ৩টার দিকে ভিকটিমের মা মোছা: মেহরুন নেছা চিৎকার করে জানান, তাদের বাড়িতে চোর প্রবেশ করেছে।
তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে গিয়ে ভিকটিম দেখতে পান, তিনজন মুখোশধারী দস্যু রামদা হাতে খোলা দরজা দিয়ে পালিয়ে যাচ্ছে। এ সময় দস্যুরা ভিকটিম ও তার পরিবারের সদস্যদের ভয়ভীতি প্রদর্শন করে ঘরে থাকা একটি স্টিলের বাক্স ভেঙে নগদ ৭ লাখ টাকা এবং আনুমানিক ১০ লাখ টাকার স্বর্ণালঙ্কার লুট করে নিয়ে যায়।
এ ঘটনায় বোয়ালমারী থানায় মামলা নং-০৪, তারিখ-০২/১২/২০২৫, দণ্ডবিধি ৩৯২ ধারা অনুযায়ী একটি মামলা দায়ের করা হয়। মামলার তদন্তকারী কর্মকর্তা ঘটনার সঙ্গে জড়িত আসামিদের সনাক্ত করে গ্রেফতারের লক্ষ্যে র্যাব-১০, ঢাকার কাছে অধিযাচনপত্র প্রেরণ করেন।
এরই ধারাবাহিকতায় গোপন সংবাদের ভিত্তিতে এবং তথ্যপ্রযুক্তির সহায়তায় গত ২২ ডিসেম্বর ২০২৫ তারিখ রাত আনুমানিক ৮টা ৪৫ মিনিটে র্যাব-১০, সিপিসি-৩, ফরিদপুর ক্যাম্প এবং র্যাব-৪, সিপিসি-২, নবীনগর ক্যাম্প, সাভার, ঢাকার একটি যৌথ আভিযানিক দল ঢাকা জেলার আশুলিয়া থানাধীন ইয়ারপুর এলাকায় অভিযান পরিচালনা করে মামলার অন্যতম আসামি মোঃ মনির শিকদার (৪৫)’কে গ্রেফতার করতে সক্ষম হয়।
গ্রেফতারকৃত আসামির পিতা মৃত আব্দুর রহমান শিকদার। তার বাড়ি ফরিদপুর জেলার বোয়ালমারী থানাধীন উত্তর শিবপুর গ্রামে।
র্যাব জানায়, গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য তাকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।