শনিবার, ১৬ মে ২০২৬, ০৭:৩২ পূর্বাহ্ন
আশুলিয়ার তৈয়বপুর ইউনিয়নের শাতাইশ কান্দি এলাকায় অবৈধ চোলাই মদের বিরুদ্ধে একটি যৌথ অভিযান পরিচালিত হয়েছে। আজ সকাল আনুমানিক ০৯০০ ঘটিকা থেকে বিকাল ১৬০০ ঘটিকা পর্যন্ত পরিচালিত এ অভিযানে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (DNC)-এর নেতৃত্বে বাংলাদেশ সেনাবাহিনী ও উপজেলা প্রশাসন সক্রিয়ভাবে অংশগ্রহণ করে।
অভিযানে বাংলাদেশ সেনাবাহিনীর ৮ বীর সমন্বয়ে গঠিত জামগড়া আর্মি ক্যাম্পের একটি সেনা দল দায়িত্ব পালন করে। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের ১০ জন সদস্য অভিযানে অংশ নেন। জেলা প্রশাসনের পক্ষ থেকে একজন নির্বাহী ম্যাজিস্ট্রেট উপস্থিত থেকে আইনানুগ ব্যবস্থা গ্রহণে নির্দেশনা প্রদান করেন।
অভিযানকালে শাতাইশ কান্দি এলাকা থেকে অবৈধভাবে উৎপাদিত ও সংরক্ষিত মোট ৮০ লিটার চোলাই মদ, প্রায় ২২০০ লিটার চোলাই মদ উৎপাদনের কাঁচামাল এবং অপরাধমূলক তথ্যসম্বলিত ৩টি মোবাইল ফোন জব্দ করা হয়। একই সময়ে অবৈধ চোলাই মদ উৎপাদন ও বিতরণের সঙ্গে জড়িত তিনজন ব্যক্তিকে আটক করা হয়।
আটককৃতরা হলেন— মোঃ রাকিব (২৯), মিসেস শেফালি রানী মণ্ডল (৩৮) এবং প্রেম কুমার বড়ুয়া (৫০)। তাদের সকলের ঠিকানা শাতাইশ কান্দি, তৈয়বপুর ইউনিয়ন, আশুলিয়া, ঢাকা।
অভিযানটি শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়। সেনাবাহিনী কর্তৃক এলাকা নিয়ন্ত্রণ ও নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ও নির্বাহী ম্যাজিস্ট্রেটকে সর্বাত্মক সহায়তা প্রদান করা হয়।
বর্তমানে উক্ত এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক ও নিয়ন্ত্রণে রয়েছে। আটককৃত ব্যক্তিবর্গ এবং জব্দকৃত মালামাল পরবর্তী আইনগত ব্যবস্থার জন্য মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের নিকট হস্তান্তর করা হয়েছে।
বাংলাদেশ সেনাবাহিনী ও সংশ্লিষ্ট আইন প্রয়োগকারী সংস্থাসমূহ সমাজ থেকে মাদক নির্মূলে ভবিষ্যতেও এ ধরনের যৌথ অভিযান অব্যাহত রাখবে