শনিবার, ১৬ মে ২০২৬, ০৯:২৬ পূর্বাহ্ন
গাজীপুর জেলার শ্রীপুর উপজেলার বরমী ইউনিয়নের বরামা গ্রামের এক নারী তার স্বামী ও শ্বশুরবাড়ির সদস্যদের বিরুদ্ধে দ্বিতীয় বিয়ে, প্রতারণার মাধ্যমে প্রায় ১০ লাখ টাকা আত্মসাৎ এবং অপহরণ ও গণধর্ষণের হুমকির গুরুতর অভিযোগ দায়ের করেছেন। ভুক্তভোগী নারী মোছা: সম্পা আক্তার (স্বামী মো. তোফাজ্জল প্রধান) ন্যায়বিচারের আশায় আইনের আশ্রয় নিতে বাধ্য হয়েছেন বলে জানান।
অভিযোগ সূত্রে জানা যায়, ২০১৮ সালের ৪ ফেব্রুয়ারি মোছা: সম্পা আক্তারের সঙ্গে মো. তোফাজ্জল প্রধানের ইসলামিক শরিয়ত মোতাবেক ও রেজিস্ট্রি কাবিননামা অনুযায়ী বিবাহ সম্পন্ন হয়। বিয়ের পর স্বামী তাকে নিজ বাড়িতে না তুলে বিভিন্ন স্থানে ভাড়া বাসায় স্বামী-স্ত্রী হিসেবে সংসার পরিচালনা করেন। এক পর্যায়ে ব্যবসার প্রয়োজনে ও নানা অজুহাতে তার কাছ থেকে প্রায় ১০ লাখ টাকা গ্রহণ করেন বলে অভিযোগে উল্লেখ করা হয়। দীর্ঘদিন অতিবাহিত হলেও তাকে শ্বশুরবাড়িতে না নেওয়ায় তিনি গাজীপুর আদালতে একটি সিআর মামলা দায়ের করেন, যা বর্তমানে বিচারাধীন রয়েছে।
মামলা চলমান থাকা অবস্থায় মো. তোফাজ্জল প্রধান তার পরিবারের সদস্য মো. মফিজুল প্রধান ও মো. মমতাজ উদ্দিনের সহায়তায় দ্বিতীয় বিবাহ সম্পন্ন করে নতুন স্ত্রীকে নিজ বাড়িতে নিয়ে যান। বিষয়টি জানতে পেরে ১৯ এপ্রিল ২০২৫ তারিখ সকাল আনুমানিক ৯টা ৫৪ মিনিটে তিনি স্বামীর মোবাইল নম্বরে ফোন করে বিষয়টি জানতে চাইলে অভিযুক্ত স্বামী তাকে অকথ্য ভাষায় গালিগালাজ করেন। একই সঙ্গে অপহরণ করে বিভিন্ন লোকজনের মাধ্যমে গণধর্ষণের হুমকি প্রদান করেন। এ সময় পরিবারের অন্য সদস্যরাও তাকে খুন ও জখম করার হুমকি দেন বলে জানান সম্পা আক্তার।
ভুক্তভোগীর আশঙ্কা, তিনি স্বামীর বাড়িতে গেলে যে কোনো সময় তার প্রাণনাশ বা গুরুতর ক্ষতি হতে পারে। এমন পরিস্থিতিতে নিজের নিরাপত্তা নিশ্চিত করা ও আইনগত সুরক্ষার জন্য তিনি সংশ্লিষ্ট থানায় লিখিত অভিযোগ দায়ের করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের আবেদন জানিয়েছেন।
এ বিষয়ে অভিযুক্তদের বক্তব্য পাওয়া যায়নি। তবে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে, অভিযোগটি গুরুত্বসহকারে তদন্ত করে আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে।