শনিবার, ১৬ মে ২০২৬, ০৯:২৭ পূর্বাহ্ন
নেত্রকোণার কেন্দুয়া থানায় নতুন অফিসার ইনচার্জ (ওসি) হিসেবে যোগ দিয়েছেন মো:মেহেদী মাকসুদ। তিনি বিদায়ী ওসি মিজানুর রহমানের স্থলাভিষিক্ত হয়েছেন। ওসি হিসেবে এটি তাঁর প্রথম পদায়ন।
আজ সোমবার (৮ ডিসেম্বর) বিকেলে কেন্দুয়া থানা কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে যোগদান করেন তিনি। এর আগে তিনি ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশের প্রধান কার্যালয়ে কর্মরত ছিলেন।
মেহেদী মাকসুদের জন্ম ঠাকুরগাঁও জেলার নবগঠিত ভূল্লী থানায়। বালিয়া, আউলিয়াপুর, দেবীপুর, বড়গাঁও ও শুখানপুকুরী ইউনিয়ন নিয়ে গঠিত এই থানার নামকরণ হয়েছে ভূল্লী নদীর নামে।
ঢাকা কলেজ থেকে রাষ্ট্রবিজ্ঞান বিষয়ে অনার্স ও মাস্টার্স সম্পন্ন করার পর তিনি বাংলাদেশ পুলিশে যোগ দেন। ফেনীতে প্রথম কর্মজীবন শুরু করেন তিনি। এরপর নোয়াখালী ও ঢাকা মহানগর পুলিশের বিভিন্ন ইউনিটে কাজের অভিজ্ঞতা অর্জন করেন।
২০১৭ সালে ইন্সপেক্টর পদে পদোন্নতি পেয়ে তিনি পঞ্চগড় জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের ইন্সপেক্টর (ওসি) হিসেবে দায়িত্ব পালন করেন। এক বছর পর, ২০১৮ সাল থেকে কেন্দুয়া থানায় পদায়নের আগ পর্যন্ত তিনি ডিএমপি ডিবি অফিসের প্রধান কার্যালয়ে দায়িত্ব পালন করছিলেন।
যোগদানের পর এক সৌজন্য সাক্ষাৎকালে নবাগত ওসি মেহেদী মাকসুদ বলেন, ‘কেন্দুয়ার সার্বিক শান্তি–শৃঙ্খলা রক্ষায় কাজ করতে চাই। এ ক্ষেত্রে দল–মত–নির্বিশেষে সকলের, বিশেষ করে সাংবাদিক মহলের সহযোগিতা প্রয়োজন।’