শনিবার, ১৬ মে ২০২৬, ০৯:২৬ পূর্বাহ্ন
গাজীপুর সিটি কর্পোরেশনের নাগরিক সেবা দ্রুত, সহজ ও ডিজিটালাইজড করতে প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
রোববার (৭ ই ডিসেম্বর ২০২৫ ইং) সকাল ১১টায় সিটি কর্পোরেশনের সম্মেলন কক্ষে আয়োজিত এ সভায় সভাপতিত্ব করেন গাজীপুর সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ সোহেল হাসান।
সভায় সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন প্রধান নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ সোহেল হাসান এবং সচিব মোঃ আমিন আল পারভেজ। গাজীপুরের অবকাঠামোগত উন্নয়ন, তথ্যপ্রবাহ সহজীকরণ, নাগরিকসেবা জোরদার, বর্জ্য ব্যবস্থাপনা, রাস্তাঘাট—ড্রেনেজ সংস্কার ও চলমান প্রকল্পগুলো নিয়ে বিশদ আলোচনা হয়।
প্রধান নির্বাহী কর্মকর্তা তার বক্তব্যে বলেন— গাজীপুরের মানুষের প্রধান ভোগান্তির একটি হলো রেলওয়ের ওপর ফ্লাইওভার না থাকা। দীর্ঘদিন ধরে আটকে থাকা এই প্রকল্পের কাজ দ্রুত শুরু হতে যাচ্ছে। ফ্লাইওভার নির্মাণ হলে যানজট উল্লেখযোগ্যভাবে কমবে, শহরের যোগাযোগব্যবস্থায় বড় পরিবর্তন আসবে।
বর্জ্য ব্যবস্থাপনা নিয়ে তিনি গুরুত্বপূর্ণ ঘোষণা দিয়ে বলেন— গাজীপুরের বর্জ্য সংকট সমাধানে আমরা নতুন পরিকল্পনা হাতে নিয়েছি। আধুনিক বর্জ্য প্রক্রিয়াজাতকরণ, ডাম্পিং ব্যবস্থার উন্নয়ন এবং ওয়ার্ড—ভিত্তিক সংগ্রহ ব্যবস্থায় গুণগত পরিবর্তন আনতে বিভিন্ন পরীক্ষা—নিরীক্ষা ও সম্ভাব্যতা যাচাই চলছে। খুব দ্রুতই নাগরিকরা এর ইতিবাচক ফল পাবেন।
তথ্যপ্রবাহ সহজীকরণের বিষয়ে তিনি জানান— সাংবাদিকদের সঙ্গে দ্রুত ও নির্ভরযোগ্য যোগাযোগের জন্য একটি অফিসিয়াল হোয়াটসঅ্যাপ গ্রুপ চালু করা হবে। উন্নয়নমূলক কার্যক্রম, জরুরি ঘোষণা ও নাগরিকসেবার আপডেট তাৎক্ষণিকভাবে শেয়ার করা হবে।
সভায় সাংবাদিকরা বিভিন্ন এলাকার সমস্যা, ড্রেনেজ—সংকট, রাস্তা সংস্কার, ভোগান্তি কমানোর পথ এবং তথ্য—উপাত্ত সহজলভ্য করার বিষয়ে মতামত দেন।
প্রধান নির্বাহী কর্মকর্তা তাদের পরামর্শকে স্বাগত জানিয়ে বলেন—
গাজীপুরের উন্নয়ন কেবল সিটি করপোরেশনের একার দায়িত্ব নয়; গণমাধ্যম আমাদের গুরুত্বপূর্ণ অংশীদার। স্বচ্ছতা, জবাবদিহিতা ও নাগরিকসেবার মানোন্নয়নে আপনাদের সহযোগিতা আমাদেরকে আরও শক্তিশালী করবে।