শনিবার, ১৬ মে ২০২৬, ০৭:৩৪ পূর্বাহ্ন
হাওরের জীববৈচিত্র্য রক্ষা, নারীর নিরাপত্তা ও জলবায়ু–সহনশীল উন্নয়নে আট দফাদাবিতে
কিশোরগঞ্জের নিকলী উপজেলায় হাওরের নাজুক পরিবেশ ও জীববৈচিত্র্য সংরক্ষণ, নারীদের নিরাপত্তা নিশ্চিতকরণ এবং জলবায়ু পরিবর্তনের অভিঘাত মোকাবেলায় পরিবারবান্ধব সরকারি প্রকল্প গ্রহণসহ আট দফা দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৬ নভেম্বর ২০২৫) সকাল সাড়ে ১১টায় নিকলী নতুন বাজার বাসস্টেশন এলাকায় জেন্ডার সমতা ও জলবায়ু জোট–নিকলী উপজেলা কমিটির উদ্যোগে এ কর্মসূচি পালন করা হয়।
কর্মসূচিতে জোটের নেতৃত্ব ও স্থানীয় জনসাধারণ একাত্মতা প্রকাশ করে অংশ নেন। মানববন্ধনে বক্তারা বলেন, হাওরাঞ্চলের পরিবেশ ক্রমেই ঝুঁকিপূর্ণ হয়ে উঠছে। অবৈধ মাছ ধরা, অতিরিক্ত নৌচাপ, দূষণ ও অনিয়ন্ত্রিত উন্নয়ন প্রকল্পের কারণে জীববৈচিত্র্য ক্ষতিগ্রস্ত হচ্ছে। এসব চ্যালেঞ্জ মোকাবেলায় জরুরি ভিত্তিতে পরিবেশবান্ধব, বিজ্ঞানভিত্তিক ও জলবায়ু–সহনশীল পরিকল্পনা গ্রহণের দাবি জানান তারা।
বক্তারা আরও বলেন, হাওরের নারী ও কিশোরীরা এখনও নানা ঝুঁকি ও সহিংসতার আশঙ্কায় বসবাস করে। নিরাপদ চলাচল, আশ্রয়কেন্দ্রে নারী–বান্ধব ব্যবস্থা, স্বনির্ভরতা বৃদ্ধির কর্মসূচি এবং স্থানীয় নারী নেতৃত্বকে শক্তিশালী করা এখন সময়ের দাবি। এছাড়া সরকারকে পরিবেশবান্ধব সামাজিক সুরক্ষা কর্মসূচি হাওরাঞ্চলে বাড়ানোরও আহ্বান জানানো হয়।
মানববন্ধনে সভাপতিত্ব করেন জেন্ডার সমতা ও জলবায়ু জোট–নিকলী উপজেলা কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোজাম্মেল হক আবীর। কর্মসূচিতে আট দফা দাবি উপস্থাপন করেন জোটের সহসাধারণ সম্পাদক আব্দুর রহমান রিপন। বক্তব্য রাখেন জোটের সহ–সভাপতি আয়ুব আলী মাস্টার, সহসাধারণ সম্পাদক ও সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান জেসমিন আরা বিউটিসহ জোটের অন্যান্য নেতৃবৃন্দ।
মানববন্ধন শেষে আট দফা দাবিনামা সম্বলিত লিফলেট বাজারের বিভিন্ন স্থানে সাধারণ মানুষের মাঝে বিতরণ করা হয়। স্থানীয় বাসিন্দারা বলেন, হাওরের টিকে থাকার জন্য এমন উদ্যোগ সময়োপযোগী এবং জরুরি। তারা ভবিষ্যতেও এ ধরনের পরিবেশ–বান্ধব কার্যক্রমে সহযোগিতা অব্যাহত রাখার আশ্বাস দেন।
উল্লেখ্য, সুইডেন সরকারের আর্থিক সহায়তা এবং মানুষের জন্য ফাউন্ডেশন (এমজেএফ)-এর কারিগরি সহযোগিতায় পপি বাস্তবায়িত সিআরইএ (CREA) প্রকল্পের অনুপ্রেরণায় গঠিত জেন্ডার সমতা ও জলবায়ু জোট এই কর্মসূচির আয়োজন করে।