শনিবার, ১৬ মে ২০২৬, ১০:২৩ পূর্বাহ্ন
মানিকগঞ্জে তৌহিদি জনতা ও বাউল শিল্পীদের মধ্যে ধাওয়া–পাল্টাধাওয়ার ঘটনা ঘটেছে। রোববার (২৩ নভেম্বর) বেলা ১১টার দিকে পৌরসভার দক্ষিণ সেওতা এলাকার বিজয় মেলার মাঠের পাশেই এ সংঘর্ষ হয়। এতে দুই পক্ষের চারজন আহত হন।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, ইসলাম ধর্ম নিয়ে কটূক্তির অভিযোগে গ্রেপ্তার হওয়া বাউল শিল্পী আবুল সরকারের শাস্তি ও মুক্তি—দুই দাবিকে কেন্দ্র করে একই স্থানে পাল্টাপাল্টি কর্মসূচি ঘোষণা করে তৌহিদি জনতা ও বাউল অনুসারীরা। সকাল ৯টার দিকে তৌহিদি জনতার ব্যানারে সহস্রাধিক মানুষ বাসস্ট্যান্ড এলাকা থেকে বিক্ষোভ মিছিল নিয়ে বিজয় মেলা মাঠের সামনে সমাবেশ করে।
অন্যদিকে, শিল্পী আবুল সরকারের মুক্তির দাবিতে তার অনুসারীরা শহীদ মিনার চত্বরের কাছে আলাদা সমাবেশে জড়ো হন। সমাবেশ চলাকালে হঠাৎ তৌহিদি জনতার একটি অংশ বাউল শিল্পীদের দিকে ধাওয়া দিলে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। এতে বাউল অনুসারী তিনজন—শিবালয়ের আবুল আলিম, হরিরামপুরের জহুরুল এবং সিংগাইরের আরিফুল ইসলাম আহত হন। তৌহিদি জনতার পক্ষের আহত ব্যক্তির পরিচয় পাওয়া গেছে মাদ্রাসাশিক্ষক মওলানা আব্দুল আলীম হিসেবে।
ধাওয়া খেয়ে বাউল শিল্পীদের কয়েকজন পাশের পুকুরে ঝাঁপ দিয়ে ওপারে গিয়ে ইটপাটকেল নিক্ষেপ করেন বলে জানা গেছে। ঘটনাস্থলের পাশেই পুলিশ মোতায়েন থাকায় দ্রুত পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়।
মানিকগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) মো. আব্দুল আল মামুন বলেন, “পুলিশ উপস্থিত থাকায় বড় ধরনের সংঘর্ষ এড়ানো গেছে। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে এবং এ বিষয়ে আইনি প্রক্রিয়া চলমান।”
উল্লেখ্য, গত বৃহস্পতিবার ঘিওর উপজেলায় এক গানের আসরে ইসলাম ধর্ম ও আল্লাহকে নিয়ে কটূক্তি করার অভিযোগে বাউল শিল্পী আবুল সরকারকে গ্রেপ্তার করে পুলিশ। এ ঘটনার পর থেকেই এলাকায় উত্তেজনা বিরাজ করছিল।