খুলনায় হত্যা মামলার তদন্তে সন্দিগ্ধ দুই আসামিকে গ্রেপ্তার করেছে লবণচরা থানা পুলিশ। বৃহস্পতিবার (২১ আগস্ট) রাত ১টা ৩০ মিনিটের দিকে খুলনা মহানগরীর লবণচরা থানাধীন দক্ষিণ মোল্লাপাড়া বাঙ্গালগলির মুখে পাকা সড়ক থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তাররা হলেন, খুলনা সদর থানার দক্ষিণ টুটপাড়া শহীদ শাহাদাত হোসেন সড়কের বাসিন্দা মো. হাসিব খান (২৩) এবং নড়াইলের কালিয়া উপজেলার চন্ডীনগর গ্রামের পিলু ওরফে রানা ওরফে হীরু মোল্যা (৩১)। হাসিব খান বর্তমানে লবণচরা থানার মোল্লাপাড়া বাঙ্গালগলিতে এবং হীরু মোল্যা দক্ষিণ মোল্লাপাড়া মসজিদ গলিতে ভাড়াটিয়া হিসেবে বসবাস করছিলেন বলে পুলিশ জানিয়েছে।
কেএমপি সূত্রে জানা যায়, লবণচরা থানার মামলা নম্বর-১২, তারিখ ২০ আগস্ট ২০২৬, জিআর নম্বর-১১৭, তারিখ ২০ আগস্ট ২০২৬, দণ্ডবিধি ১৮৬০-এর ৩০২/৩৪ ধারায় দায়ের করা হত্যা মামলার তদন্তের অংশ হিসেবে তাদের গ্রেপ্তার করা হয়।
পুলিশের তথ্য অনুযায়ী, গ্রেপ্তার মো. হাসিব খানের বিরুদ্ধে অস্ত্র আইনে একটি, দস্যুতা আইনে একটি এবং মাদক আইনে দুটি মামলাসহ মোট চারটি মামলার তথ্য পাওয়া গেছে। অপর আসামি পিলু ওরফে রানা ওরফে হীরু মোল্যার বিরুদ্ধে একটি হত্যা ও ডাকাতি মামলার তথ্য রয়েছে।
গ্রেপ্তারকৃত দুই আসামিকে বিধি অনুযায়ী আদালতে পাঠানো হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
তদন্তের স্বার্থে মামলাটির বিষয়ে পুলিশ আরও তথ্য সংগ্রহ করছে।