বিসিএস ক্যাডার হওয়ার স্বপ্ন অধরাই রইল মাদারীপুরের শিবচরের মীর তানভীর আহমেদের (৩১)। ৪৫তম বিসিএসে কৃষি ক্যাডারে সুপারিশপ্রাপ্ত এই তরুণের খণ্ডিত মরদেহ নীলফামারীর সৈয়দপুরের রেললাইনের পাশ থেকে উদ্ধার করা হয়েছে। তাঁর গলা কাটা ও শরীরের বিভিন্ন অংশ খণ্ড বিখণ্ড অবস্থায় পাওয়ায় ঘটনাটি ট্রেন দুর্ঘটনা, নাকি পরিকল্পিত হত্যাকাণ্ড তা নিয়ে রহস্যের সৃষ্টি হয়েছে।
মীর তানভীর আহমেদ শিবচর উপজেলার কাদিরপুর ইউনিয়নের ডিগ্রিরচর এলাকার মীর বজলুর রশিদের ছেলে। তিনি দিনাজপুরের গম ও ভুট্টা গবেষণা ইনস্টিটিউটে ফার্ম সুপারিনটেনডেন্ট পদে কর্মরত ছিলেন। প্রায় এক মাস আগে তাঁকে পঞ্চগড়ে বদলি করা হয়।
পরিবার সূত্রে জানা গেছে, গতকাল রাত থেকে তানভীরের মোবাইল ফোনে তাঁর সঙ্গে যোগাযোগ করা যাচ্ছিল না। পরে নীলফামারীর সৈয়দপুর এলাকার রেললাইনের পাশে তাঁর খণ্ডিত মরদেহ পড়ে থাকার খবর পান স্বজনরা। তাঁদের দাবি, তানভীরের মোবাইল ফোন ও মানিব্যাগ তাঁর অফিসেই পাওয়া গেছে। এ ঘটনায় পরিবারের সদস্যদের মধ্যে সন্দেহ ও উদ্বেগ আরও বেড়েছে।
স্বজনদের ভাষ্য, স্থানীয়রা গতকাল রাতে রেললাইনের পাশে খণ্ডিত মরদেহ দেখতে পেলেও তাঁরা বিষয়টি জানতে পারেন মঙ্গলবার (১৮ আগস্ট) দুপুর ১২টার দিকে। মরদেহের গলা কাটা এবং শরীরের বিভিন্ন অংশ খণ্ড বিখণ্ড অবস্থায় পাওয়ায় এটি নিছক ট্রেন দুর্ঘটনা কি না, তা নিয়ে প্রশ্ন দেখা দিয়েছে।
স্বজনরা আরও জানান, তানভীর বর্তমান চাকরি থেকে পদত্যাগ করে ৪৫তম বিসিএসে সুপারিশপ্রাপ্ত কৃষি ক্যাডারে যোগদানের প্রস্তুতি নিচ্ছিলেন। নতুন কর্মজীবন শুরুর আগমুহূর্তে তাঁর এমন মৃত্যুতে পরিবার, স্বজন ও পরিচিতদের মধ্যে নেমে এসেছে গভীর শোকের ছায়া।
পরিবারের দাবি, মরদেহের অবস্থা দেখে ঘটনাটি স্বাভাবিক রেল দুর্ঘটনা বলে তাঁদের মনে হচ্ছে না। তাঁরা সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে ঘটনার প্রকৃত রহস্য উদ্ঘাটন, মৃত্যুর কারণ নিশ্চিত করা এবং কেউ জড়িত থাকলে তাঁদের শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন।
এদিকে মীর তানভীর আহমেদ ৪৫তম বিসিএসে কৃষি ক্যাডারে সুপারিশপ্রাপ্ত হওয়ায় তাঁকে ঘিরে পরিবার ও এলাকাবাসীর মধ্যে ছিল নানা প্রত্যাশা। বিসিএস ক্যাডার হিসেবে নতুন কর্মজীবন শুরু করার আগেই তাঁর মর্মান্তিক মৃত্যুতে শিবচরসহ স্বজনদের মধ্যে নেমে এসেছে শোকের ছায়া।
পুলিশ সূত্রে জানা যায়, সোমবার (১৭ আগস্ট) রাত সাড়ে ৮টার দিকে টিলাহাটি থেকে ঢাকাগামী নীলসাগর এক্সপ্রেস ট্রেনে কাটা পড়ে তানভীর নিহত হন। ডোমার উপজেলা শহরের অদূরে শিমুলতলী এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
তবে ঘটনার প্রকৃত কারণ জানতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তদন্ত শুরু করেছে। এটি নিছক ট্রেন দুর্ঘটনা, নাকি পরিকল্পিত হত্যাকাণ্ড তদন্ত শেষে বিষয়টি স্পষ্ট হবে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।