৪৯ তরুণ নেতৃত্বের হাতে নতুন দায়িত্ব, ব্যাংকের বিভিন্ন ডিভিশনে প্রিন্সিপাল অফিসার হিসেবে যোগদান
ভবিষ্যৎ নেতৃত্ব তৈরির লক্ষ্যে পরিচালিত ইয়াং লিডার্স প্রোগ্রাম (ওয়াইএলপি) ২০২৫ ব্যাচের ৪৯ জন ইয়াং লিডারের গ্র্যাজুয়েশন সম্পন্ন করেছে ব্র্যাক ব্যাংক পিএলসি। ‘লার্নার টু লিডার’ শীর্ষক অনুষ্ঠানের মধ্য দিয়ে এক বছরব্যাপী রোটেশনাল ট্রেনিং সফলভাবে শেষ করেন তারা।
গত ৩১ জুলাই ২০২৬ ব্র্যাক ব্যাংকের প্রধান কার্যালয়ে আয়োজিত গ্র্যাজুয়েশন অনুষ্ঠানে ব্যাংকের ম্যানেজমেন্ট কমিটির সদস্য ও ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। প্রশিক্ষণ শেষে ৪৯ জন ইয়াং লিডারই ব্যাংকের বিভিন্ন ডিভিশনে প্রিন্সিপাল অফিসার হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন।
ইয়াং লিডার্স প্রোগ্রামটি বাংলাদেশের ব্যাংকিং খাতে ভবিষ্যৎ নেতৃত্ব গড়ে তোলার উদ্দেশ্যে ব্র্যাক ব্যাংকের একটি কাঠামোবদ্ধ ম্যানেজমেন্ট ট্রেইনি প্রোগ্রাম। এর আওতায় তরুণ পেশাজীবীরা ব্যাংকের বিজনেস অপারেশনস, ডিস্ট্রিবিউশন নেটওয়ার্ক, রিস্ক ম্যানেজমেন্ট অ্যান্ড এআই অ্যানালিটিকস, ফাইন্যান্স, কমপ্লায়েন্সসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ ডিভিশন ও বিভাগে হাতে-কলমে প্রশিক্ষণের সুযোগ পান।
ক্লাসরুম প্রশিক্ষণের পাশাপাশি মাঠপর্যায়ের কার্যক্রমে অংশগ্রহণের মাধ্যমে ইয়াং লিডাররা আধুনিক ব্যাংকিং কার্যক্রম সম্পর্কে বাস্তবভিত্তিক অভিজ্ঞতা অর্জন করেন। পাশাপাশি বিভিন্ন প্রজেক্ট অ্যাসাইনমেন্ট ও ক্রস-ফাংশনাল অ্যাটাচমেন্টে কাজ করার মাধ্যমে তাদের পেশাগত দক্ষতা ও নেতৃত্বের সক্ষমতা আরও বিকশিত হয়।
গ্র্যাজুয়েশন অনুষ্ঠানে গ্র্যাজুয়েটদের উদ্দেশে ব্র্যাক ব্যাংকের ম্যানেজিং ডিরেক্টর অ্যান্ড সিইও তারেক রেফাত উল্লাহ খান বলেন, “আমাদের অগ্রযাত্রার মূলে রয়েছে আমাদের সহকর্মীরা। এই ইয়াং লিডাররাই ভবিষ্যৎ ব্যাংকিংয়ের নেতৃত্ব দেবেন। আমরা মেধা বিকাশে বিনিয়োগ করায় বিশ্বাস করি। আমরা তরুণদের স্বপ্নকে লালন করতে চাই। তাদের এমন একটি প্ল্যাটফর্ম দিতে চাই, যেখানে তারা শিখতে পারবে, বড় হতে পারবে এবং নিজেদের কাজের মাধ্যমে ইমপ্যাক্ট তৈরি করতে পারবে।”
তিনি আরও বলেন, “এই ইয়াং লিডাররা ব্র্যাক ব্যাংকের আগামী দিনের পথচলাকে এগিয়ে নেওয়ার পাশাপাশি বাংলাদেশের ব্যাংকিং খাতে নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন করবে বলে আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি।”
ব্র্যাক ব্যাংক জানিয়েছে, ইয়াং লিডার্স প্রোগ্রামের মাধ্যমে তরুণ প্রতিভাবান পেশাজীবীদের বাস্তব অভিজ্ঞতা অর্জনের সুযোগ দেওয়ার পাশাপাশি দেশের ব্যাংকিং খাতের জন্য ভবিষ্যৎ নেতৃত্বের একটি শক্তিশালী ধারা গড়ে তুলতে প্রতিষ্ঠানটি প্রতিশ্রুতিবদ্ধ।
২০০১ সালে ক্ষুদ্র ও মাঝারি শিল্প (এসএমই) খাতে অর্থায়নকে অগ্রাধিকার দেওয়ার লক্ষ্য নিয়ে যাত্রা শুরু করে ব্র্যাক ব্যাংক পিএলসি। বর্তমানে ব্যাংকটি দেশের ব্যাংকিং খাতে দ্রুত প্রবৃদ্ধি অর্জনকারী প্রতিষ্ঠানগুলোর একটি হিসেবে কার্যক্রম পরিচালনা করছে। ব্যাংকটির দাবি, সুশাসন, স্বচ্ছতা ও নিয়মানুবর্তিতাকে গুরুত্ব দিয়ে তারা দেশের ব্যাংকিং খাতে একটি শক্তিশালী অবস্থান তৈরি করেছে।