নীলফামারীর ডিমলা উপজেলার নাউতারা থেকে বুড়িরহাট পর্যন্ত সড়কের কার্পেটিং কাজে অনিয়ম ও নিম্নমানের নির্মাণকাজের অভিযোগ তুলে কাজ বন্ধ করে দিয়েছেন স্থানীয় এলাকাবাসী।
স্থানীয়দের অভিযোগ, কার্পেটিংয়ের আগে সড়কে প্রয়োজনীয় পরিমাণে পাথর বিছানো হয়নি। এছাড়া নিয়ম অনুযায়ী পর্যাপ্ত আলকাতরা (বিটুমিন) ব্যবহার করা হয়নি, বালু ছিটানো হয়নি এবং রোলার দিয়ে যথাযথভাবে সড়ক কম্প্যাকশনও করা হয়নি। এতে রাস্তার স্থায়িত্ব ও গুণগত মান নিয়ে উদ্বেগ প্রকাশ করেন তারা।
এলাকাবাসী জানান, সরকারি অর্থে নির্মাণাধীন সড়কের কাজ যেন মানসম্মত হয় এবং ভবিষ্যতে সাধারণ মানুষ যেন টেকসই সড়ক সুবিধা পায়, সে দাবিতে তারা সাময়িকভাবে কাজ বন্ধ করে দিয়েছেন। তাদের দাবি, সংশ্লিষ্ট কর্তৃপক্ষ সরেজমিনে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের পরই কাজ পুনরায় শুরু করা হোক।
এ বিষয়ে জানতে চাইলে ডিমলা উপজেলা এলজিইডির কর্মকর্তা মোফিজুর রহমান বলেন, “বিষয়টি আমি অবগত হয়েছি। সহকারী প্রকৌশলীকে ঘটনাস্থলে পাঠানো হচ্ছে। তিনি সরেজমিনে তদন্ত করে প্রয়োজনীয় ও কার্যকর ব্যবস্থা গ্রহণ করবেন।”
স্থানীয়দের প্রত্যাশা, অভিযোগের সুষ্ঠু তদন্তের মাধ্যমে অনিয়ম প্রমাণিত হলে দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে এবং সড়কের কাজ সরকারি নীতিমালা অনুযায়ী মানসম্মতভাবে সম্পন্ন করা হবে।