সমাজকল্যাণ মন্ত্রণালয়ের অধীন সমাজসেবা অধিদপ্তরের ক্যাপিটেশন গ্রান্টপ্রাপ্ত বাগেরহাট জেলা পেড়িখালি সিকিরডাঙ্গা হাফেজিয়া মাদ্রাসা ও এতিমখানার সার্বিক উন্নয়নের জন্য সরকারের কাছে আকুল আবেদন জানিয়েছেন প্রতিষ্ঠানটির কর্তৃপক্ষ।
প্রতিষ্ঠানটির সভাপতি মোঃ গোলাম সারোয়ার, সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী এবং মুহতামিম মোঃ তরিকুল ইসলাম জানান, বর্তমানে মাদ্রাসা ও এতিমখানায় প্রায় শতাধিক শিক্ষার্থী অধ্যয়ন করছে। এতিম ও অসহায় শিশুদের আবাসন, শিক্ষা, খাদ্য ও নৈতিক শিক্ষার ব্যবস্থা করে প্রতিষ্ঠানটি দীর্ঘদিন ধরে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে।
তারা বলেন, শিক্ষার্থীদের জন্য পর্যাপ্ত আবাসন, শ্রেণিকক্ষ, নিরাপদ পানির ব্যবস্থা, স্যানিটেশন সুবিধা এবং শিক্ষা উপকরণের উন্নয়ন জরুরি হয়ে পড়েছে। সীমিত সম্পদ নিয়ে প্রতিষ্ঠানটির কার্যক্রম পরিচালনা করা হলেও ক্রমবর্ধমান চাহিদা পূরণে সরকারি সহযোগিতা অত্যন্ত প্রয়োজন।
প্রতিষ্ঠান কর্তৃপক্ষ সরকারের সংশ্লিষ্ট দপ্তরসহ সমাজের বিত্তবান ব্যক্তি ও দানশীল সংগঠনগুলোর প্রতি সহযোগিতার আহ্বান জানিয়ে বলেন, এতিম ও সুবিধাবঞ্চিত শিশুদের সুন্দর ভবিষ্যৎ গড়ে তুলতে মাদ্রাসা ও এতিমখানাটির উন্নয়নে কার্যকর পদক্ষেপ গ্রহণ করা সময়ের দাবি।
এলাকাবাসীও প্রতিষ্ঠানটির সার্বিক উন্নয়ন, অবকাঠামো সম্প্রসারণ এবং শিক্ষার মানোন্নয়নে সরকারের সুদৃষ্টি কামনা করেছেন।