কুমিল্লা দেবিদ্বার উপজেলার গোপালনগর সিএন্ডবি বাজার বাইতুল সালাত জামে মসজিদের দীর্ঘ ৬০ বছরের খতিব মাওলানা মো. শামসুল হককে বিদায় সংবর্ধনা দিয়েছে মসজিদ কর্তৃপক্ষ ও এলাকাবাসী।
নামাজ শেষে মসজিদ প্রাঙ্গণে মসজিদ কমিটির উদ্যোগে আয়োজিত এক অনুষ্ঠানে তাঁর দীর্ঘ ছয় দশকের দ্বীনি খেদমতের স্বীকৃতিস্বরূপ সম্মাননা ক্রেস্ট ও নগদ ৫০ হাজার টাকা তুলে দেওয়া হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ও বিশেষ অতিথিসহ উপস্থিত ছিলেন ৩নং রসুলপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. শাহজাহান সরকার, ৩নং রসুলপুর ইউনিয়ন বিএনপির সভাপতি মো. হানিফ ভূঁইয়া, কামাল ব্রিকসের স্বত্বাধিকারী হাজী কামাল উদ্দিন, বায়তুল্লাহ ইলেক্ট্রনিক্সের স্বত্বাধিকারী এম. এ. ইউনুস মিয়া বাবুল, ৩নং রসুলপুর ইউনিয়ন জামায়াতে ইসলামীর সেক্রেটারি কাজী হাসান আহমাদ, স্থানীয় ইউপি সদস্য মো. বদিউল আলম বাদল, মসজিদ কমিটির সেক্রেটারি আবুল বাশারসহ বাজারের ব্যবসায়ী, মুসল্লি এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।
বিদায়ী বক্তব্যে মাওলানা মো. শামসুল হক মহান আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করে বলেন, আল্লাহর অশেষ রহমতে তিনি টানা ৬০ বছর এই মসজিদে খতিব হিসেবে দায়িত্ব পালনের সুযোগ পেয়েছেন। জীবনের শেষ দিন পর্যন্ত তিনি এলাকার মানুষ ও মসজিদের মুসল্লিদের জন্য দোয়া করে যাবেন। বিদায় সংবর্ধনার এমন আন্তরিক আয়োজন তাঁকে গভীরভাবে আবেগাপ্লুত করেছে বলেও তিনি উল্লেখ করেন। এ সময় তিনি মসজিদ কমিটি, মুসল্লি ও এলাকাবাসীর প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেন।
মসজিদ কমিটির সেক্রেটারি আবুল বাশার বলেন, “মাওলানা শামসুল হকের ছয় দশকের দ্বীনি খেদমত এই মসজিদ ও এলাকার জন্য এক অনন্য দৃষ্টান্ত। তিনি শুধু একজন খতিব নন, বরং ধর্মীয় শিক্ষা, নৈতিক মূল্যবোধ ও সামাজিক সম্প্রীতি প্রতিষ্ঠায় একজন আদর্শ পথপ্রদর্শক হিসেবে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। তাঁর অবদান এলাকাবাসী চিরদিন শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবে।”
অনুষ্ঠানের শেষ পর্বে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। একই সঙ্গে মাওলানা মো. শামসুল হকের সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও নেক হায়াত কামনা করে মোনাজাত পরিচালনা করেন বিশিষ্ট আলেমে দ্বীন মুফতি হোসাইন আহমাদ।
আবেগঘন এই বিদায় সংবর্ধনায় মসজিদের মুসল্লি, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও এলাকাবাসীর স্বতঃস্ফূর্ত উপস্থিতি অনুষ্ঠানকে প্রাণবন্ত করে তোলে।