
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট–২০২৬ এ নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জন করায় তারেক রহমানকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন দেশের অন্যতম বৃহৎ অরাজনৈতিক পেশাজীবী সংগঠন বাংলাদেশ বিক্রয় প্রতিনিধি জোট–এর সভাপতি মাইন উদ্দিন প্রধান।
এক বিবৃতিতে তিনি বলেন, জনগণের প্রত্যাশা ও আস্থার প্রতিফলন হিসেবে গঠিত নতুন সরকার তারেক রহমানের নেতৃত্বে দেশের মানুষের আশা-আকাঙ্ক্ষা পূরণে সক্ষম হবে বলে তিনি আশাবাদী। তিনি মনে করেন, নতুন সরকার মানুষ, সমাজ ও রাষ্ট্রের সার্বিক উন্নয়নকে অগ্রাধিকার দিয়ে ন্যায়পরায়ণতা, স্বচ্ছতা ও জবাবদিহিতার ভিত্তিতে রাষ্ট্র পরিচালনা করবে। নির্বাচন পরবর্তী সময়ে বিরোধী দলের নেতৃবৃন্দসহ বিভিন্ন রাজনৈতিক ব্যক্তিত্বের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও সংলাপের মাধ্যমে ইতোমধ্যে একটি নতুন রাজনৈতিক সংস্কৃতির সূচনা হয়েছে, যা দেশের রাজনীতিতে ইতিবাচক পরিবর্তনের ইঙ্গিত বহন করে।
বিবৃতিতে আরও বলা হয়, আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণ, অর্থনৈতিক উন্নয়ন, সুশাসন, নাগরিক নিরাপত্তা এবং ন্যায্য অধিকার নিশ্চিত করার পাশাপাশি উচ্চবিত্ত, মধ্যবিত্ত ও নিম্নবিত্তসহ খেটে খাওয়া মানুষের জীবনমান উন্নয়নে সরকার কার্যকর ভূমিকা পালন করবে—এমন প্রত্যাশা রয়েছে সংগঠনটির সভাপতি মাইন উদ্দিন প্রধান।
বিশেষভাবে দেশের মার্কেটিং ও বিক্রয় খাতের বিষয়টি তুলে ধরে মাইন উদ্দিন প্রধান বলেন, দেশের শিল্প, বাণিজ্য ও শ্রমবাজারে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করলেও মার্কেটিং সেক্টরের কর্মীরা দীর্ঘদিন ধরে নীতিমালাহীন ও অনিরাপদ কর্মপরিবেশে কাজ করে আসছেন। অধিকাংশ ক্ষেত্রে চুক্তিভিত্তিক নিয়োগের কারণে এই খাতের কর্মীরা শ্রম আইনের পূর্ণ সুবিধা থেকে বঞ্চিত হচ্ছেন।
এ প্রেক্ষিতে বাংলাদেশ বিক্রয় প্রতিনিধি জোট–এর পক্ষ থেকে শ্রম মন্ত্রণালয়ের অধীনে সংগঠনটির নিবন্ধন প্রদান এবং বিক্রয় ও মার্কেটিং সেক্টরের কর্মীদের জন্য ৮ দফা দাবির ভিত্তিতে একটি সুনির্দিষ্ট আইন বা জাতীয় নীতিমালা প্রণয়নের আহ্বান জানানো হয়েছে। সংগঠনটির সভাপতি আশা প্রকাশ করেন, নতুন সরকার প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণের মাধ্যমে দীর্ঘদিন অবহেলিত এ খাতকে যথাযথ মূল্যায়নের আওতায় আনবে।