শনিবার, ১৬ মে ২০২৬, ১২:১৯ অপরাহ্ন
নীলফামারীর ডিমলা উপজেলার ৭নং হালিশা চাপানী ইউনিয়নের ডালিয়া তালতলা স্ট্যান্ডের উত্তর–পূর্ব প্রান্তে ছায়ানির ও মনোরম পরিবেশে গড়ে ওঠা আল ইহসান আইডিয়াল মাদ্রাসায় কৃতি শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
সোমবার দুপুরে মাদ্রাসা প্রাঙ্গণে আয়োজিত এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মাদ্রাসার অধ্যক্ষ হাফেজ মাওলানা আমিনুর রহমান। প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন বাংলাদেশ জামায়াতে ইসলামি ডিমলা উপজেলা আমীর অধ্যক্ষ মাওলানা মুজিবুর রহমান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গোলমুন্ডা ফাজিল ডিগ্রি মাদ্রাসার উপাধ্যক্ষ হযরত মাওলানা মহিউর রহমান। প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন ছিটমীরগঞ্জ কামিল মাদ্রাসার বাংলা প্রভাষক মোঃ ওবায়দুল্লাহ মুসাব্বিহান। এছাড়াও অনুষ্ঠানে স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, জনপ্রতিনিধি ও শিক্ষা অনুরাগীরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠান সঞ্চালনা করেন আল ইহসান আইডিয়াল মাদ্রাসার উপাধ্যক্ষ আব্দুল কাদের। কৃতি শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেন সহকারী শিক্ষক মাওলানা তইবুল ইসলাম এবং সুকান দীঘি দাখিল মাদ্রাসার সহকারী শিক্ষক আব্দুল আহাদ।
অনুষ্ঠানের শুরুতে পবিত্র কুরআন তেলাওয়াত করা হয়। বক্তারা বলেন, দ্বীনি শিক্ষার পাশাপাশি আধুনিক ও নৈতিক শিক্ষার সমন্বয় ঘটিয়ে শিক্ষার্থীদের আদর্শ নাগরিক হিসেবে গড়ে তুলতে আল ইহসান আইডিয়াল মাদ্রাসা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে যাচ্ছে।
পরে বার্ষিক পরীক্ষায় উত্তীর্ণ ও কৃতি শিক্ষার্থীদের হাতে সনদ ও পুরস্কার তুলে দেওয়া হয়। এতে শিক্ষার্থী, অভিভাবক ও শিক্ষকদের মাঝে আনন্দঘন পরিবেশের সৃষ্টি হয়।
অনুষ্ঠান শেষে দেশ ও জাতির কল্যাণ কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করা হয়।