শনিবার, ১৬ মে ২০২৬, ০৯:৩০ পূর্বাহ্ন
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ও জামায়াতে ইসলামীর মধ্যে নির্বাচনী আসন সমঝোতা হয়েছে। এর অংশ হিসেবে কুমিল্লা-৪ (দেবীদ্বার) আসনে জামায়াত মনোনীত প্রার্থী সাইফুল ইসলাম (শহিদ) নির্বাচন থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন। এই আসনে এনসিপির প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করছেন দলটির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ।
সোমবার এক বক্তব্যে সাইফুল ইসলাম আনুষ্ঠানিকভাবে নির্বাচন থেকে সরে দাঁড়ানোর বিষয়টি জানান। তিনি বলেন, দেবীদ্বারের মানুষের ন্যায্য দাবি আদায় এবং ন্যায়–ইনসাফভিত্তিক সমাজ গঠনের প্রশ্নে তিনি সবসময় জনগণের পাশে আছেন। জুলাই আন্দোলনের মধ্য দিয়ে যে আকাঙ্ক্ষা ও প্রত্যাশা সৃষ্টি হয়েছে, তা বাস্তবায়নের স্বার্থে প্রয়োজনে আরও বড় ত্যাগ স্বীকার করতেও তিনি প্রস্তুত।
তিনি আরও বলেন, দেবীদ্বারের মানুষ যেন তাকে দোয়ায় রাখেন, যাতে আগামী দিনগুলোতে কাঁধে কাঁধ মিলিয়ে এলাকার মানুষের আশা–আকাঙ্ক্ষা পূরণে ভূমিকা রাখতে পারেন। একই সঙ্গে জনগণকে ঘিরে যে প্রত্যাশা তৈরি হয়েছে, তার একজন অংশীদার হতে চান বলেও উল্লেখ করেন তিনি।
জামায়াত নেতা সাইফুল ইসলাম বলেন, দেশ ও জাতির বৃহত্তর স্বার্থে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন যেন ইসলামের পক্ষে এবং একটি সমৃদ্ধ, ন্যায় ও ইনসাফভিত্তিক সমাজ বিনির্মাণের পথে সম্মিলিত প্রচেষ্টাকে আরও শক্তিশালী করে—এমন প্রত্যাশা ব্যক্ত করেন তিনি।
সাইফুল ইসলাম কুমিল্লা উত্তর জেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি হিসেবে দায়িত্ব পালন করছেন। কুমিল্লা-৪ আসনটি এনসিপির মনোনীত প্রার্থী হাসনাত আবদুল্লাহর নিজ এলাকা হওয়ায় এই আসনে সমঝোতার ভিত্তিতে জামায়াত প্রার্থী সরে দাঁড়ালেন বলে রাজনৈতিক মহলে আলোচনা চলছে।
এর আগে গত ২৩ ডিসেম্বর এনসিপির নেতা-কর্মীরা জুলাই শহীদ পরিবারের সদস্যদের সঙ্গে নিয়ে হাসনাত আবদুল্লাহর পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ করেন। একই সময়ে জামায়াতের পক্ষ থেকেও এই আসনে মনোনয়নপত্র সংগ্রহ করা হয়েছিল। তবে শেষ পর্যন্ত দুই দলের সমঝোতার মাধ্যমে আসন ছাড়ার সিদ্ধান্ত নিলেন জামায়াত নেতা সাইফুল ইসলাম।