শনিবার, ১৬ মে ২০২৬, ০৯:২৯ পূর্বাহ্ন
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জামালপুর-৩ (মাদারগঞ্জ–মেলান্দহ) আসনে রাজনীতির সমীকরণ পাল্টে দিতে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মাঠে নেমেছেন বিএনপির বিদ্রোহী নেতা ও মাদারগঞ্জ উপজেলা বিএনপির সাবেক সভাপতি ফায়েজুল ইসলাম লাঞ্জু। শুধু তিনি নিজেই নন, তার স্ত্রী সোনিয়া ইসলামও এই আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন।
বুধবার (২৪ ডিসেম্বর) দুপুরে মাদারগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তা সুমন চৌধুরীর কার্যালয় থেকে এই মনোনয়নপত্র সংগ্রহ করা হয়। ফায়েজুল ইসলাম লাঞ্জু সশরীরে উপস্থিত হয়ে নিজের ফরম সংগ্রহ করলেও তার স্ত্রীর পক্ষে মনোনয়নপত্র তোলেন স্থানীয় বিএনপির একাংশের নেতাকর্মীরা।
তৃণমূলকে অবমূল্যায়নের অভিযোগ মনোনয়নপত্র সংগ্রহ শেষে সাংবাদিকদের সামনে ক্ষোভ উগড়ে দেন ফায়েজুল ইসলাম লাঞ্জু। তিনি অভিযোগ করেন, “জামালপুর-৩ আসনে বিএনপির তৃণমূল নেতাকর্মীদের মতামতকে কোনো গুরুত্ব না দিয়েই দলীয় প্রার্থী চাপিয়ে দেওয়া হয়েছে। এতে মাঠপর্যায়ের সাধারণ সমর্থক ও কর্মীদের প্রত্যাশার প্রতিফলন ঘটেনি। মূলত দলীয় সিদ্ধান্তের প্রতিবাদ জানাতে এবং সাধারণ মানুষের দাবির মুখে আমি ও আমার স্ত্রী স্বতন্ত্র প্রার্থী হওয়ার সিদ্ধান্ত নিয়েছি।”
দলীয় প্রার্থীর জয় নিয়ে সংশয় এই আসনে বিএনপি থেকে দলীয় মনোনয়ন পেয়েছেন কেন্দ্রীয় জলবায়ু বিষয়ক সহ-সম্পাদক মোস্তাফিজুর রহমান বাবুল। তার সমালোচনা করে লাঞ্জু বলেন, “ধানের শীষের বর্তমান প্রার্থী জনসমর্থন হারিয়েছেন। মাদারগঞ্জ ও মেলান্দহের ভোটাররা তাকে ইতোমধ্যেই প্রত্যাখ্যান করেছে। নির্বাচনে অংশ নিলেও তিনি বড়জোর তৃতীয় অবস্থানে থাকতে পারেন। তৃণমূলের কর্মীরা এখন আমাদের সাথে আছেন।” বিদ্রোহী এই নেতার মনোনয়নপত্র সংগ্রহের সময় তার সাথে উপস্থিত ছিলেন, মাদারগঞ্জ পৌর বিএনপির সাবেক সভাপতি হাবলুল গাজী বেলাল, উপজেলা বিএনপির সাবেক সহ-সভাপতি হাসান একরামুল কবির, পৌর বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক হাজী মাসুদ, সাবেক সাংগঠনিক সম্পাদক শফিকুল ইসলাম সিজার এবং উপজেলা যুবদল ও ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের শীর্ষ নেতারা।
উল্লেখ্য, গত সোমবার (২২ ডিসেম্বর) দলীয় প্রার্থী মোস্তাফিজুর রহমান বাবুল তার মনোনয়নপত্র কিনেছিলেন। এখন একই দলের সাবেক নেতার সস্ত্রীক বিদ্রোহ এই আসনে নির্বাচনী লড়াইকে ত্রিমুখী ও উত্তপ্ত করে তুলবে বলে ধারণা করছেন স্থানীয় রাজনৈতিক বিশ্লেষকরা।