নেত্রকোণার কেন্দুয়ায় এক স্কুলছাত্রীকে (দশম শ্রেণি) দীর্ঘ সময় ধরে ব্ল্যাকমেইল করে সংঘবদ্ধভাবে ধর্ষণের অভিযোগে বিএনপির এক নেতাসহ পাঁচজনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। মামলার প্রধান আসামি কেন্দুয়া পৌর বিএনপির সাবেক সহ-যুগ্ম সাধারণ সম্পাদক ও ৫ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম ভূঁইয়া বকুল। ঘটনার পর দলীয় শৃঙ্খলা ভঙ্গ ও অনৈতিক কর্মকাণ্ডের অভিযোগে তাকে বিএনপির প্রাথমিক সদস্যপদসহ সব ধরনের দলীয় পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।
বুধবার রাতে কেন্দুয়া পৌর বিএনপির সভাপতি খোকন আহমেদ ডিলার ও সাধারণ সম্পাদক মো. মোয়াজ্জেম হোসেন খান স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, দলীয় শৃঙ্খলাবিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে তাকে সাময়িকভাবে সব ধরনের দলীয় দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। পৌর বিএনপির সাধারণ সম্পাদক জানান, স্থায়ী বহিষ্কারের সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা কেন্দ্রীয় নেতৃত্বের হাতে থাকায় আপাতত এ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
মামলার এজাহার ও ভুক্তভোগীর পরিবারের অভিযোগ অনুযায়ী, ২০২২ সালের ২০ নভেম্বর স্কুল থেকে ফেরার পথে চিকিৎসকের কাছে নেওয়ার কথা বলে অভিযুক্ত বকুল স্কুলছাত্রীকে একটি বাড়িতে নিয়ে ধর্ষণ করেন এবং ঘটনাটি গোপনে মোবাইল ফোনে ধারণ করেন। পরে সেই ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়ার ভয় দেখিয়ে দীর্ঘদিন ধরে তাকে ব্ল্যাকমেইল করে একাধিকবার ধর্ষণ করা হয় বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।
এ ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। পুলিশ জানিয়েছে, মামলার তদন্ত চলছে এবং অভিযোগের সত্যতা যাচাই করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।