খুলনা-৬ আসনের সংসদ সদস্য আলহাজ্ব মাওলানা আবুল কালাম আজাদ বলেছেন জলাবদ্ধতা নিরসন, ডেঙ্গু ও ম্যালেরিয়ার মতো রোগ প্রতিরোধে পরিস্কার পরিচ্ছন্নতার পাশাপাশি জনসচেতনতা বাড়ানো দরকার। তিনি বলেন অপরিকল্পিত ড্রেনেজ ব্যবস্থা এবং যেখানে সেখানে ময়লা আবর্জনা ফেলার কারণে একদিকে যেমন জলাবদ্ধতা সৃষ্টি সৃষ্টি হচ্ছে, অন্যদিকে ডেঙ্গু ও ম্যালেরিয়া সহ বিভিন্ন রোগ বালাইয়ের প্রকোপ বাড়ছে। এজন্য তিনি পরিকল্পিত ড্রেনেজ ব্যবস্থা গড়ে তোলা সহ সুষ্ঠু ব্যবস্থাপনার উপর গুরুত্ব দিতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে তাগিদ দেন। তিনি ২৫ আগস্ট মঙ্গলবার সকালে পাইকগাছা পৌরসভার ড্রেনেজ ব্যবস্থা পরিদর্শন এবং এলাকাবাসীর সাথে মতবিনিময় কালে এ-সব কথা বলেন। তিনি পৌরসভার ৪, ৫ ও ৬ নং ওয়ার্ডের বিভিন্ন এলাকা এবং পৌর বাজার সরেজমিন পরিদর্শন ও এলাকাবাসী এবং ব্যবসায়ীদের সাথে মতবিনিময় করে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জলাবদ্ধতা নিরসন এবং জনস্বাস্থ্য সুরক্ষায় বিভিন্ন দিকনির্দেশনা প্রদান করেন।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আহসানারা বিনতে আহমেদ, পৌর নির্বাহী কর্মকর্তা লালু সরদার, জেলা জামায়াতের নায়েবে আমীর মাওলানা গোলাম সরোয়ার, জেলা কর্মপরিষদ সদস্য আলহাজ্ব মাওলানা আমিনুল ইসলাম, পৌর আমীর ডাঃ জিএম আসাদুল হক, এডভোকেট মোর্তজা জামান আলমগীর রুলু, পৌর সহকারী সেক্রেটারি মুহাম্মদ শফিয়ার রহমান, প্রাক্তন অধ্যাপক জিএমএম আজহারুল ইসলাম, আবাসিক মেডিকেল অফিসার ডাঃ শাকিলা আফরোজ, আব্দুল্লাহ আল মামুন, মাওলানা আব্দুল কাদীর ও মুজাহিদুল ইসলাম।
পাইকগাছা প্রেসক্লাব সহ ২১৮ প্রতিষ্ঠানের অনূকূলে প্রায় ৪ কোটি টাকা বরাদ্দ ; প্রশংসায় ভাসছেন মনিরুল হাসান বাপ্পী
পাইকগাছা ( খুলনা) প্রতিনিধি
খুলনা জেলা পরিষদের ২০২৫-২৬ অর্থ বছরে এডিপি ও রাজস্ব তহবিলের আওতায় জেলার বিভিন্ন উপজেলার ২১৮ টি প্রতিষ্ঠানের অনুকূলে দ্বিতীয় ধাপের বরাদ্দ প্রদান করা হয়েছে। পাইকগাছা প্রেসক্লাব সহ ২১৮ টি প্রতিষ্ঠানের অবকাঠামো উন্নয়ন কল্পে ৩ কোটি ৯০ লক্ষ টাকা বরাদ্দ দিয়েছেন খুলনা জেলা পরিষদের প্রশাসক, খুলনা জেলা বিএনপির ভারপ্রাপ্ত সদস্য সচিব ও খুলনা জেলা রেডক্রিসেন্ট সোসাইটির চেয়ারম্যান এসএম মনিরুল হাসান বাপ্পী। খুলনা জেলা পরিষদের পক্ষ থেকে বরাদ্দের বিষয়টি সংশ্লিষ্ট সবাই কে অবহিত করার পর গোটা এলাকা জুড়ে প্রশংসায় ভাসছেন জেলা পরিষদের প্রশাসক এসএম মনিরুল হাসান বাপ্পী। সামাজিক যোগাযোগ মাধ্যমে মনিরুল হাসান বাপ্পীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে তাকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন বরাদ্দ পাওয়া বিভিন্ন প্রতিষ্ঠান সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। উল্লেখ্য গত ১২ ফেব্রুয়ারীর ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির মনোনীত প্রার্থী হিসেবে খুলনা -৬ আসনে এমপি নির্বাচন করেছিলেন। সামান্য ভোটের ব্যবধানে পরাজিত হলেও অবহেলিত এই জনপদের উন্নয়নে কাজ করার প্রতিশ্রুতি দেন জেলা বিএনপির এই নেতা। ওই সময় পাইকগাছা প্রেসক্লাবে সাংবাদিকদের সাথে এক মতবিনিময় প্রেসক্লাবের অবকাঠামোগত দুর্দশা দেখে কিছুটা হতাশ এবং বলেন সমাজের দর্পণ গণমাধ্যম কর্মীদের একটি প্রতিষ্ঠান এভাবে অবহেলিত থাকতে পারে না। ওই সময় তিনি বলেন আমি কখনো এই এলাকার মানুষ কে ছেড়ে যাবো না এবং এই এলাকার উন্নয়নে নিজের অবস্থান থেকে সর্বোচ্চ চেষ্টা করবো। ভবিষ্যতে পাইকগাছা প্রেসক্লাব অবহেলিত থাকবে না এবং এর যথাযথ উন্নয়ন করা হবে বলে স্থানীয় সাংবাদিকদের আশ্বস্ত করেন। তিনি সংসদ সদস্য নির্বাচিত না হয়েও সেদিনের সেই প্রতিশ্রুতি রেখেছেন খুলনা জেলা পরিষদের পক্ষ থেকে পাইকগাছা প্রেসক্লাবের অবকাঠামো উন্নয়নে ৩ লাখ টাকা বরাদ্দ দিয়ে। বরাদ্দের বিষয়টি নিশ্চিত হওয়ার পর এসএম মনিরুল হাসান বাপ্পীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন প্রেসক্লাবের প্রতিটি সাংবাদিক। তারা বলেন অর্থাভাবে প্রেসক্লাবটি দীর্ঘদিন অবহেলিত ছিল। ছাঁদ দিয়ে পানি পড়তো, বসার অনূকূল পরিবেশ ছিল না। আশাকরছি বরাদ্দের আওতায় উন্নয়ন কাজ শেষ হলে অনূকূল পরিবেশে আমরা সবাই কাজ করতে পারবো।
এদিকে পাইকগাছা প্রেসক্লাবের অনূকূলে ৩ লাখ টাকা বরাদ্দ প্রদান করায় খুলনা জেলা পরিষদের প্রশাসক এসএম মনিরুল হাসান বাপ্পী কে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন প্রেসক্লাবের সভাপতি এডভোকেট এফএমএ রাজ্জাক, সহ সভাপতি তৃপ্তি রঞ্জন সেন ও মোঃ আব্দুল আজিজ, সাধারণ সম্পাদক এম মোসলেম উদ্দিন আহমেদ, যুগ্ম সম্পাদক এন ইসলাম সাগর, কোষাধ্যক্ষ এসএম বাবুল আক্তার, দপ্তর সম্পাদক স্নেহেন্দু বিকাশ, সাবেক সভাপতি জিএ গফুর, সাবেক সাধারণ সম্পাদক এসএম আলাউদ্দিন সোহাগ, আলাউদ্দিন রাজা, বি সরকার, এম আর মন্টু, নজরুল ইসলাম, প্রমথ রঞ্জন সানা, কৃষ্ণ রায়, আবুল হাশেম, বদিউজ্জামান, পূর্ণ চন্দ্র মন্ডল, শাহরিয়ার কবির, শাহজামান বাদশা, খোরশেদ আলম ও উজ্জ্বল দাশ।
পাইকগাছার দারুণ মল্লিক স্লুইচ গেট থেকে বৃদ্ধের ভাসমান মরদেহ উদ্ধার
পাইকগাছা ( খুলনা) প্রতিনিধি
খুলনার পাইকগাছার দেলুটির দারুণ মল্লিক সরকারি স্লুইচ গেটের সামনে থেকে ভাসমান এক বৃদ্ধের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। ২৪ আগস্ট সোমবার বিকালে স্থানীয় জনসাধারণের সহযোগিতায় থানা পুলিশ অজ্ঞাত ওই বৃদ্ধের মরদেহ উদ্ধার করে। এখনো পর্যন্ত তার নাম পরিচয় জানতে পারেনি পুলিশ। তার বয়স আনুমানিক ৭০ বছর হতে পারে বলে ধারণা করছে পুলিশ।
দেলুটি ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান সুকুমার কবিরাজ বলেন বেশ কিছুদিন ধরে অজ্ঞাত এক বয়স্ক ব্যক্তি দারুণ মল্লিক বাজার এবং এর আশে পাশে ঘোরাঘুরি করতো। সে কিছুটা মানসিক ভাবে অসুস্থ বলে মনে হয়েছে। নাম ঠিকানা জানতে চাইলে সঠিকভাবে কিছু বলতে পারতো না। সোমবার দুপুরের দিকে স্থানীয় লোকজন ২২ নং পোল্ডারের দারুণ মল্লিক স্লুইচ গেটের সামনে নদীর অংশে পানিতে অজ্ঞাত ওই বৃদ্ধের মরদেহ ভাসতে দেখে পুলিশ কে খবর দেয়। প্রথমে নৌ পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে, পরবর্তীতে বিকালে থানা পুলিশ ঘটনাস্থল এসে স্থানীয় লোকজনের সহযোগিতায় মরদেহ উদ্ধার করে থানা হেফাজতে নেয়।
উল্লেখ্য যেখানে লাশ পাওয়া গেছে ওই স্লুইচ গেটটি দুই উপজেলার সীমান্ত মাদুরপাল্টা নদীর সঙ্গে সংযুক্ত। নদীর এক প্রান্তে পাইকগাছা উপজেলার দেলুটির ইউনিয়নের দারুণ মল্লিক এবং অপরপ্রান্তে দাকোপ উপজেলার গড়খালী এলাকা।
এ রিপোর্ট লেখা পর্যন্ত অজ্ঞাত ব্যক্তির নাম পরিচয় পাওয়া যায়নি বলে জানিয়েছেন থানার ওসি শেখ আউয়াল কবির।