কুড়িগ্রাম জেলার রৌমারী ও রাজিবপুর উপজেলায় ২০২৪ শিক্ষাবর্ষে ডিগ্রি ২য় বর্ষ রাষ্ট্রবিজ্ঞান ৩য় পত্র পরীক্ষা বিদ্যুৎবিহীন অবস্থায় অনুষ্ঠিত হয়েছে। রবিবার (২৬ এপ্রিল) দুপুরে দুইটা হতে সরকারি ডিগ্রি কলেজ গুলোতে একই সময়ে এই পরীক্ষা অনুষ্ঠিত হয়।
পরীক্ষার সময় হঠাৎ করে বিদ্যুৎ না থাকায় চরম ভোগান্তিতে পড়তে হয় শিক্ষার্থীদের। এর সঙ্গে বৃষ্টির কারণে আকাশ মেঘলা ও পরিবেশ অন্ধকার হয়ে পড়লে পরিস্থিতি আরও জটিল হয়ে ওঠে। ফলে পরীক্ষা কেন্দ্রের হলরুমে পর্যাপ্ত আলো না থাকায় শিক্ষার্থীরা বাধ্য হয়ে নিজেদের টাকায় মোমবাতি কিনে জ্বালিয়ে পরীক্ষা দেন।
পরীক্ষার্থীদের অভিযোগ, গুরুত্বপূর্ণ এই পরীক্ষার সময় এমন পরিস্থিতি তাদের জন্য মানসিক চাপ তৈরি করেছে। অনেকেই বলেন, পর্যাপ্ত আলো না থাকায় প্রশ্নপত্র পড়া ও উত্তরপত্র লেখা কঠিন হয়ে পড়ে।
এব্যাপারে পরীক্ষার্থী, সেলিম ,নাসিম ,আবির ,হাবিজুর, মেয়ে সুইটি,মুন্নি,আফসানসহ অনেকে মুক্তাঞ্চল tv’র প্রতিবেদক কে জানান, হলরুমে এত অন্ধকার ছিল যে ঠিকভাবে লেখা যাচ্ছিল না। পরে আমরা নিজেরাই মোমবাতি কিনে এনে পরীক্ষা দেই। এটি খুবই কষ্টকর অভিজ্ঞতা।
আরেক রৌমারী সরকারি ডিগ্রি কলেজের শিক্ষার্থী রনি দেওয়ান মুক্তাঞ্চল tvকে বলেন, এভাবে পরীক্ষা দেওয়া আমাদের জন্য অনেক কষ্টের । আমরা চাই দ্রুত এই সমস্যার স্থায়ী সমাধান হোক, যাতে ভবিষ্যতে কেউ এমন দুর্ভোগে না পড়ে।
স্থানীয় অভিভাবকরাও এ ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছেন। তাদের মতে, শিক্ষার মতো গুরুত্বপূর্ণ বিষয়ে এমন অব্যবস্থাপনা গ্রহণযোগ্য নয়।
এ বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দ্রুত কার্যকর পদক্ষেপ গ্রহণের দাবি জানিয়েছেন শিক্ষার্থী ও অভিভাবকরা। তারা আশা করছেন, ভবিষ্যতে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ ও বিকল্প ব্যবস্থা নিশ্চিত করে এমন পরিস্থিতি এড়ানো হবে।