শনিবার, ১৬ মে ২০২৬, ০৯:১০ পূর্বাহ্ন
হাসনাত রাব্বু-কুষ্টিয়া :
আজ বৃহস্পতিবার (৩ এপ্রিল) বেলা ১১টায় কুষ্টিয়া শহরের একটি রেস্টুরেন্টের সভাকক্ষে এই চেক বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্ট ও কুষ্টিয়া সাংবাদিক ইউনিয়নের যৌথ উদ্যোগে আয়োজিত এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্ট্রের উপ-পরিচালক এ বি এম রফিকুল ইসলাম।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কুষ্টিয়া সাংবাদিক ইউনিয়নের সভাপতি আব্দুর রাজ্জাক বাচ্চু। সঞ্চালনার দায়িত্ব পালন করেন সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট শামিম উল হাসান অপু।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা সিনিয়র তথ্য কর্মকর্তা মো. আমিনুল ইসলাম, কুষ্টিয়া প্রেস ক্লাবের সভাপতি আল মামুন সাগর এবং সাধারণ সম্পাদক আবু মনি জুবায়েদ রিপন।
এই আয়োজনে কুষ্টিয়ায় কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার ২৮ জন অসচ্ছল ও অসুস্থ সাংবাদিক এবং সাংবাদিকদের মেধাবী ১৯ জন সন্তানকে শিক্ষা বৃত্তির চেক প্রদান করা হয়।
প্রধান অতিথি এ বি এম রফিকুল ইসলাম তার বক্তব্যে বলেন, “সাংবাদিকরা সমাজের দর্পণস্বরূপ। তাদের কল্যাণে সরকারের পক্ষ থেকে এই সহায়তা প্রদান করা হচ্ছে, যা ভবিষ্যতেও অব্যাহত থাকবে।” তিনি আরও বলেন, “সাংবাদিকদের সন্তানদের মেধাবিক উন্নয়নে এই বৃত্তি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে এবং অসুস্থ ও অসচ্ছল সাংবাদিকদের জীবনযাত্রার মান উন্নত করতে এই অনুদান সহায়ক হবে।”
অনুষ্ঠানে বক্তারা সাংবাদিক কল্যাণ ট্রাস্টের এই উদ্যোগের প্রশংসা করেন এবং সরকারের প্রতি আহ্বান জানান যাতে ভবিষ্যতে এই সহায়তার পরিমাণ আরও বৃদ্ধি করা হয়।
উল্লেখ্য, বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্ট সাংবাদিকদের কল্যাণে বিভিন্ন সময় আর্থিক সহায়তা প্রদান করে থাকে। এই উদ্যোগের মাধ্যমে সাংবাদিকদের সামাজিক নিরাপত্তা নিশ্চিত করতে এবং তাদের সন্তানদের ভবিষ্যৎ উজ্জ্বল করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে।