শেখ মোঃ লিখন লৌহজং (মুন্সীগঞ্জ)
মুন্সীগঞ্জের লৌহজং উপজেলায় অস্বাস্থ্যকর পরিবেশে পশু জবাই ও মাংস প্রক্রিয়াজাতের অভিযোগে দুই মাংস বিক্রেতাকে মোট ২০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
শুক্রবার (২৮ আগস্ট) কনকসার বাজার ও মালিরঅংক বাজারে অভিযান চালিয়ে এ জরিমানা করা হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ফারজানা ববি মিতুর নেতৃত্বে পরিচালিত অভিযানে কনকসার বাজারের ইব্রাহীম মুন্সির বাড়ির পাশে অস্বাস্থ্যকর পরিবেশে অসুস্থ একটি গরু জবাইয়ের প্রস্তুতির প্রমাণ পাওয়া যায়। পরে পশুটি জব্দ করে চিকিৎসার ব্যবস্থা করা হয়। এ ঘটনায় তাকে ১০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে এক মাসের কারাদণ্ড দেওয়া হয়।
অন্যদিকে, মালিরঅংক বাজারে মাংস বিক্রেতা মো. নাদিম মৃধার দোকানে জবাইকৃত মাংসের সঙ্গে বাসি মাংস মেশানো, তাপমাত্রা ও স্বাস্থ্যবিধি না মানা এবং মাংসে পোকার উপস্থিতি পাওয়া যায়। এছাড়া তার কসাইয়ের লাইসেন্সও ছিল না। তাকে আরও ১০ হাজার টাকা জরিমানা করা হয় এবং ভক্ষণ অযোগ্য মাংস জব্দ করে ঘটনাস্থলেই বিনষ্ট করা হয়।
উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. কালীশংকর পাল ও উপসহকারী প্রাণিসম্পদ কর্মকর্তা (কৃত্রিম প্রজনন) আবুল কাসেম অভিযানে প্রসিকিউশন পরিচালনা করেন। পশু জবাই ও মাংসের মান নিয়ন্ত্রণ আইন, ২০১১ অনুযায়ী ভ্রাম্যমাণ আদালত এ ব্যবস্থা নেয়।