রাজধানীর মিরপুরে ড্রেনে কাজ করার সময় গাড়িচাপায় ঢাকা ওয়াসার এক কর্মী নিহত হয়েছেন। মঙ্গলবার (২৫ আগস্ট) সকাল সাড়ে ৬টার দিকে মিরপুর-১০ নম্বর এলাকার সেনপাড়ায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত কর্মীর নাম শামীম (৪৭)। তার বাড়ি পাবনার বেড়া উপজেলার পাইখন্দ বারাদিয়া গ্রামে। প্রায় ২৫ বছর ধরে তিনি ঢাকা ওয়াসায় কর্মরত ছিলেন।
কাফরুল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম জানান, সকালে শামীম ড্রেনে নেমে কাজ করছিলেন। একপর্যায়ে তিনি মাথা ওপরে তুললে একটি গাড়ির চাকায় পিষ্ট হন। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
পুলিশ জানায়, দুর্ঘটনার পর নিহত শামীমের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
এ ঘটনায় দুর্ঘটনার কারণ ও সংশ্লিষ্ট গাড়িটি শনাক্তে পুলিশ কাজ করছে বলে জানিয়েছে।