পিরোজপুরের ভান্ডারিয়া পৌরসভায় পৌরকর আদায়ের ক্ষেত্রে আরও এক ধাপ টাকা বৃদ্ধি করায় সাধারণ নাগরিকদের মধ্যে ক্ষোভ ও অসন্তোষ দেখা দিয়েছে। নাগরিকদের অভিযোগ, একদিকে পৌরকর ও বিভিন্ন ফি বৃদ্ধি করা হচ্ছে, অন্যদিকে কাঙ্ক্ষিত নাগরিক সেবা থেকে তারা বঞ্চিত হচ্ছেন।
স্থানীয় বাসিন্দারা বলছেন, নিয়মিত পৌরকর পরিশোধের পরও সড়ক, ড্রেনেজ, পরিচ্ছন্নতা, বর্জ্য ব্যবস্থাপনা ও অন্যান্য মৌলিক নাগরিক সেবার মান নিয়ে তাদের নানা অভিযোগ রয়েছে। এর মধ্যে আবার পৌরকর বৃদ্ধি সাধারণ মানুষের ওপর অতিরিক্ত আর্থিক চাপ সৃষ্টি করছে।
নাগরিকদের প্রশ্ন—কর বৃদ্ধি করা হলে তার বিপরীতে সেবার মানও কি বাড়ানো হচ্ছে? তারা পৌরকর নির্ধারণ ও আদায়ের ক্ষেত্রে স্বচ্ছতা নিশ্চিত করার পাশাপাশি নাগরিকদের মতামত নেওয়া এবং যৌক্তিক হারে কর নির্ধারণের দাবি জানিয়েছেন।
ভান্ডারিয়া পৌরবাসীর দাবি, অতিরিক্ত করের বোঝা না চাপিয়ে আগে নাগরিক সেবা নিশ্চিত করা হোক। একই সঙ্গে পৌরকর বৃদ্ধির যৌক্তিকতা ও এর ভিত্তি জনসম্মুখে স্পষ্ট করার আহ্বান জানিয়েছেন তারা।