ঢাকার দোহারে পুলিশ পরিচয়ে এক যুবককে অপহরণের চেষ্টাকালে দুই ভুয়া পুলিশকে হাতেনাতে আটক করে পুলিশে সোপর্দ করেছে স্থানীয় জনতা।
বুধবার রাত ৯টার দিকে উপজেলার মাহামুদ পুর ইউনিয়নের হরিচন্ডি এলাকায় এই ঘটনা ঘটে।আটককৃতরা হলেন— বিলাশপুর ইউনিয়নের সেকেন্দার আলীর ছেলে রেজাউল ও একই এলাকার আশরাফ চোকদারের ছেলে সেলিম। এই ঘটনায় রিফাত নামে তাদের আরেক সহযোগী পালিয়ে গেছে।স্থানীয় সূত্রে জানা গেছে, বুধবার রাতে হরিচন্ডি এলাকা থেকে হাবিব বেপারী নামে এক যুবককে জোরপূর্বক পুলিশ পরিচয়ে তুলে নেওয়ার চেষ্টা করে ওই তিন যুবক। হাবিবের চিৎকার ও সন্দেহজনক আচরণ দেখে স্থানীয় এলাকাবাসী এগিয়ে এসে সেলিম ও রেজাউলকে ধরে ফেলে। এ সময় তাদের অপর সহযোগী রিফাত দৌড়ে পালিয়ে যায়।
ঘটনার সময় উত্তেজিত জনতা অপহরণকারীদের ব্যবহৃত সিএনজি চালিত অটোরিকশাটি ভাঙচুর করে।খবর পেয়ে উপজেলার মাহমুদপুর পুলিশ ফাঁড়ির সদস্যরা দ্রুত ঘটনাস্থলে ছুটে আসেন। তারা উত্তেজিত জনতার হাত থেকে দুই অপহরণকারীকে উদ্ধার করে হেফাজতে নেন।
পরে তাদের দোহার থানায় প্রেরণ করা হয়।দোহার থানার পুলিশ জানায়, আটককৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে। পলাতক আসামিকে গ্রেফতারে অভিযান চালানো হচ্ছে।