বৃহস্পতিবার (২০ আগস্ট) শরীয়তপুরের নড়িয়ায় অজ্ঞাতনামা একটি অ্যাম্বুলেন্সের ধাক্কায় হযরত আলী ছৈয়াল (৬৫) নামে এক বৃদ্ধ নিহত হয়েছেন। সকাল সাড়ে ৬টার দিকে উপজেলার ভোজেশ্বর ইউনিয়নের চান্দনী এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত হযরত আলী ছৈয়াল চান্দনী এলাকার কালাই ছৈয়ালের ছেলে। তিনি ভোজেশ্বর ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের বাসিন্দা।
স্থানীয় সূত্রে জানা গেছে, সকালে নড়িয়া-শরীয়তপুর সড়কের চান্দনী এলাকায় হারুন শেখের বাড়ির সামনে সড়কের ওপর হযরত আলী ছৈয়ালকে পড়ে থাকতে দেখা যায়। ধারণা করা হচ্ছে, নড়িয়া থেকে শরীয়তপুরগামী একটি অ্যাম্বুলেন্স তাকে ধাক্কা দিলে তিনি গুরুতর আহত হয়ে সড়কে পড়ে যান। পরে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
দুর্ঘটনার পর ঘাতক অ্যাম্বুলেন্সটি দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।
নড়িয়া থানা পুলিশ জানিয়েছে, ঘটনার বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে এবং ঘাতক অ্যাম্বুলেন্সটি শনাক্তের চেষ্টা চলছে।