নেত্রকোনার দুর্গাপুর থানাধীন সুসঙ্গ আদর্শ বিদ্যানিকেতন ও রানীখং উচ্চ বিদ্যালয়ে মাদক, ইভটিজিং, জুয়া, অনলাইন জুয়া, চুরি, গরু চুরি, বাল্যবিবাহ ও চোরাচালান প্রতিরোধে সচেতনতামূলক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নেত্রকোণা জেলার পুলিশ সুপার জনাব মোঃ তরিকুল ইসলাম।
প্রধান অতিথির বক্তব্যে পুলিশ সুপার মোঃ তরিকুল ইসলাম বলেন, মাদক, ইভটিজিং, জুয়া, অনলাইন জুয়া, চুরি, গরু চুরি, বাল্যবিবাহ ও চোরাচালানের মতো সামাজিক ব্যাধির বিরুদ্ধে সম্মিলিত প্রতিরোধ গড়ে তুলতে হবে। তিনি বলেন, যুবসমাজকে ধ্বংসের দিকে ঠেলে দেওয়া মাদক ও জুয়ার বিরুদ্ধে নেত্রকোণা জেলা পুলিশের জিরো টলারেন্স নীতি অব্যাহত রয়েছে। তবে এসব অপরাধ প্রতিরোধে আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি অভিভাবক ও শিক্ষাপ্রতিষ্ঠানের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ।
তিনি আরও বলেন, নারীদের নিরাপত্তা বিঘ্নিতকারী ইভটিজিং এবং সাধারণ মানুষের জানমালের নিরাপত্তার জন্য হুমকি সৃষ্টি করে এমন অপরাধ কঠোরভাবে দমন করা হবে। একই সঙ্গে বাল্যবিবাহ প্রতিরোধে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে, যাতে প্রতিটি কন্যাশিশু তার শিক্ষা ও উজ্জ্বল ভবিষ্যৎ নিশ্চিত করার সুযোগ পায়।
পুলিশ সুপার শিক্ষার্থীদের উদ্দেশে বলেন, মাদক ও জুয়ার মতো ভয়ংকর আসক্তি থেকে নিজেদের দূরে রাখতে হবে। জীবনে কোনো ধরনের মানসিক সংকট বা হতাশা দেখা দিলে আত্মঘাতী সিদ্ধান্ত না নিয়ে পরিবার, শিক্ষক ও সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলতে হবে। জীবনকে ভালোবাসতে হবে এবং সুন্দর ভবিষ্যৎ গড়ার প্রত্যয়ে এগিয়ে যেতে হবে।
তিনি আরও বলেন, অপরাধী যেই হোক, কোনো ছাড় দেওয়া হবে না। আপনারা নির্ভয়ে অপরাধের তথ্য পুলিশকে জানান। তথ্যদাতার পরিচয় গোপন রেখে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।একটি সুস্থ, নিরাপদ ও অপরাধমুক্ত সমাজ গঠনে জেলা পুলিশ জনগণের পাশে রয়েছে বলেও তিনি উল্লেখ করেন।
সচেতনতামূলক এ সভায় আরও উপস্থিত ছিলেন দুর্গাপুর থানার অফিসার ইনচার্জ জনাব খন্দকার সাখের আহমেদ, সংশ্লিষ্ট শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষিকা, শিক্ষার্থী, সাংবাদিকবৃন্দ এবং জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা।
সভায় বক্তারা মাদক ও অপরাধমুক্ত সমাজ গঠনে শিক্ষার্থী, অভিভাবক, শিক্ষক, সাংবাদিক, জনপ্রতিনিধি ও আইনশৃঙ্খলা বাহিনীসহ সর্বস্তরের মানুষকে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানান।