চট্টগ্রামের সাতকানিয়ায় যাকাত ফাউন্ডেশন অব আমেরিকার উদ্যোগে বন্যাকবলিত ও ক্ষতিগ্রস্ত ২ হাজার ১০০ পরিবারের মাঝে ত্রাণসামগ্রী বিতরণ করা হয়েছে।
মঙ্গলবার (১৮ আগস্ট) সাতকানিয়া উপজেলা হলরুমে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার খোন্দকার মাহমুদুল হাসান। এতে সভাপতিত্ব করেন যাকাত ফাউন্ডেশন অব আমেরিকার কান্ট্রি ডিরেক্টর মো. এনামুল হক।
অনুষ্ঠানে যুব উন্নয়ন কর্মকর্তা মো. শামছুদ্দিন, যাকাত ফাউন্ডেশনের ‘প্রজেক্ট অভিযান’-এর মো. ফয়সাল মন্ডল, লুৎফুন নেছা, মো. মুরাদ হোসেন ও আব্দুর রাজ্জাকসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।
মো. এনামুল হক বলেন, বন্যাকবলিত মানুষের ঘরবাড়ি মেরামত ও পুনর্বাসনের বিষয়টি বিবেচনা করা হবে ।
ইউএনও খোন্দকার মাহমুদুল হাসান বলেন, যাকাতের অর্থ সঠিকভাবে ব্যবহারের বিষয়েবিশেষভাবে বিবেচনা করা হয় যাকাত ফাউন্ডেশন অব আমেরিকার কার্যক্রম থেকে জানা যাচ্ছে। মানবিক এ কার্যক্রমে উপজেলা প্রশাসন সব ধরনের সহযোগিতা করবে।
ত্রাণগ্রহীতারা বলেন, বন্যার ক্ষতির মধ্যে এ সহায়তা তাদের জন্য স্বস্তির। ভবিষ্যতে ঘরবাড়ি মেরামত ও পুনর্বাসনে সহযোগিতা পেলে ক্ষতিগ্রস্ত পরিবারগুলো দ্রুত ঘুরে দাঁড়াতে পারবে।