নীলফামারীর ডিমলা উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও গুরুত্বপূর্ণ সড়ক এলাকায় প্রকাশ্যে মাদক বিক্রির অভিযোগ উঠেছে। স্থানীয়দের দাবি, সন্ধ্যার পর থেকেই কয়েকটি এলাকায় সহজেই মিলছে বিভিন্ন ধরনের মাদকদ্রব্য, যা তরুণ সমাজকে ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছে। উপজেলার গয়াবাড়ি ইউনিয়নের শুটিবাড়ী, খালিশা চাপানী ইউনিয়নের তালতলা, নাউতারা ইউনিয়নের নাউতারা বাজার থেকে মতির বাজারগামী সড়ক, তুহিন বাজার ক্যানেলের পাড় এবং বালাপাড়া ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের দক্ষিণ সুন্দর খাতা এলাকাসহ ডিমলা সদরের বিভিন্ন গুরুত্বপূর্ণ মোড়ে সন্ধ্যার পর থেকেই মাদক কেনাবেচা বেড়ে যায়।
স্থানীয় সচেতন মহল বলছে, এসব এলাকায় দীর্ঘদিন ধরে একটি চক্র সক্রিয় থাকলেও কার্যকর পদক্ষেপের অভাবে মাদক ব্যবসা নিয়ন্ত্রণে আসছে না। বিশেষ করে স্কুল-কলেজপড়ুয়া তরুণদের একটি অংশ সহজেই মাদকের সংস্পর্শে চলে আসছে, যা ভবিষ্যতের জন্য উদ্বেগজনক।
নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন বাসিন্দা জানান, সন্ধ্যার পর অনেক স্থানে প্রকাশ্যেই সন্দেহজনক লোকজনের আনাগোনা দেখা যায়। বিষয়টি প্রশাসনের নজরে থাকলেও দৃশ্যমান অভিযান খুব কম দেখা যায় বলে অভিযোগ করেন তারা।
এদিকে এলাকাবাসী দ্রুত মাদকবিরোধী অভিযান পরিচালনা, চিহ্নিত মাদক ব্যবসায়ীদের আইনের আওতায় আনা এবং তরুণ সমাজকে রক্ষায় প্রশাসনের কার্যকর হস্তক্ষেপ কামনা করেছেন।
সচেতন মহলের মতে, পরিবার, সমাজ ও প্রশাসনের সম্মিলিত উদ্যোগ ছাড়া মাদকের ভয়াল থাবা থেকে তরুণ প্রজন্মকে রক্ষা করা সম্ভব নয়।