
লক্ষ্মীপুরের রায়পুরে আলোচিত কিশোর রিকশাচালক রাজিব হোসেন হত্যা মামলার প্রধান আসামির ফাঁসি ও ঘটনায় জড়িত অন্যদের চিহ্নিত করে গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন করেছেন এলাকাবাসী।
সোমবার (১১ মে) বিকেল ৫টার দিকে উপজেলার দক্ষিণ চর আবাবিল ইউনিয়নের বালুধুম গ্রামে নিহত রাজিবের বাড়ির সামনের সড়কে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে নিহত রাজিবের পরিবার, স্থানীয় বাসিন্দা ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।
মানববন্ধনে বক্তব্য দেন সাবেক ছাত্রনেতা চেয়াম্যান প্রার্থী আব্দুল জলিল মুন্সি। তিনি বলেন, কিশোর রিকশাচালক রাজিব হত্যার দ্রুত বিচার নিশ্চিত করতে হবে। পাশাপাশি প্রধান আসামি গিয়াসউদ্দিন গেসুর ফাঁসি এবং এ ঘটনায় জড়িত অন্যদেরও দ্রুত গ্রেপ্তারের দাবি জানাই।
উল্লেখ্য, গত ১ মে রাতে নিখোঁজ হন কিশোর রিকশাচালক রাজিব হোসেন (১৪)। পরদিন ২ মে দক্ষিণ চর আবাবিল ইউনিয়নের ক্যাম্পেরহাট এলাকার একটি সুপারি বাগান থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ।
এ ঘটনায় দায়ের করা মামলায় ৫ মে প্রধান আসামি গিয়াস উদ্দিনকে চাঁদপুর থেকে গ্রেপ্তার করে পুলিশ। এ সময় তার সঙ্গে থাকা একটি পোষা বানরও উদ্ধার করা হয়।
মানববন্ধনে স্থানীয় বিএনপি নেতা আব্দুল জলিল মুন্সি নিহত রাজিবের পরিবারের খোঁজখবর নেন এবং আর্থিক সহযোগিতা প্রদান করেন। ভবিষ্যতেও পরিবারটির পাশে থাকার আশ্বাস দেন তিনি।