শনিবার, ১৬ মে ২০২৬, ১২:১৮ অপরাহ্ন
খুলনার কয়রা উপজেলার আমাদী ইউনিয়নে মাদ্রাসাপড়ুয়া ৮ বছরের এক শিশুকে যৌন নির্যাতনের অভিযোগ উঠেছে। এ ঘটনায় অভিযুক্ত জুলফিকার সানাকে (৫০) আটক করেছে পুলিশ।
অভিযুক্ত জুলফিকার সানা পাটনিখালী গ্রামের সানা পাড়ার মৃত আহম্মাদ সানার ছেলে।
ভুক্তভোগী শিশুর বাবা কামরুল ইসলাম (৩৫) জানান, তার বাড়ি পাইকগাছার গজালিয়া গ্রামে। মেয়ে নানা বাড়িতে থেকে আমাদী ইউনিয়নের একটি মাদ্রাসায় লেখাপড়া করে। গত বৃহস্পতিবার মাদ্রাসা ছুটির পর সে খালার বাড়িতে যায়। দুপুরের খাবার শেষে বিকেল ৪টার দিকে নানা বাড়ির উদ্দেশে রওনা দেয়। মাদ্রাসায় সে নানা বাড়ি থেকেই যাতায়াত করে। নানা বাড়িতে যেতে ফাঁকা মাঠ পাড়ি দিতে হয়। অভিযুক্ত ব্যক্তির বাড়ি ওই ফাঁকা মাঠের পাশেই।
কামরুল ইসলামের অভিযোগ, মাঠের নির্জন এলাকায় মেয়েকে একা পেয়ে জোর করে ঘরে নিয়ে যৌন নির্যাতন করেন জুলফিকার। এ সময় মাঠে গোবর সংগ্রহরত কয়েকজন নারী শিশুটির চিৎকার শুনে এগিয়ে যান এবং তাকে উদ্ধার করেন।
তিনি আরও জানান, ঘটনার পর স্থানীয় কয়েকজন প্রভাবশালী বিষয়টি ধামাচাপা দিতে এবং থানায় অভিযোগ না করতে পরিবারকে চাপ দেন। পরে পরিবারের পক্ষ থেকে কয়রা থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়।
কয়রা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহআলম বলেন, “অভিযোগ পাওয়ার পরপরই অভিযুক্ত ব্যক্তিকে থানায় আনা হয়েছে। ঘটনাটি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। তদন্ত শেষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”