
শেরপুর সদর উপজেলার চরাঞ্চলের কৃষকদের পাশে দাঁড়িয়ে প্রতীকী ধান কাটায় অংশ নিয়েছেন সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য ডা. সানসিলা জেবরিন প্রিয়াঙ্কা।
সোমবার দুপুরে সদর উপজেলার কামারের চর ইউনিয়নের পয়স্তির চর গ্রামে সম্ভাব্য কাটাখালি খাল খনন এলাকা পরিদর্শনে যান তিনি। এসময় স্থানীয় কৃষকদের উৎসাহ দিতে ধান কাটায় অংশ নেন সংসদ সদস্য।
পরিদর্শনকালে উপস্থিত ছিলেন সদর উপজেলা বিএনপির আহ্বায়ক মো. হযরত আলী সদর উপজেলা বিএনপির সদস্য সচিব সাইফুল ইসলাম, শহর বিএনপির সদস্য সচিব, মোহাম্মদ জাফর আলী, সাবেক জেলা যুবদলের সাধারণ সম্পাদক আতাহারুল ইসলাম আতা,জেলা কৃষক দলের সভাপতি শফিকুল ইসলাম গোল্ডেন, জেলা বিএনপি সিনিয়র সদস্য সাইফুল ইসলাম স্বপনসহ জেলা ও স্থানীয় পর্যায়ের নেতাকর্মীরা।
ধান কাটার সময় ডা. প্রিয়াঙ্কা বলেন, চরাঞ্চলের কৃষকেরা প্রতিকূল আবহাওয়ার মধ্যেও কঠোর পরিশ্রম করে দেশের খাদ্য উৎপাদনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছেন। তাদের শ্রমের প্রতি সম্মান জানাতেই তিনি কৃষকদের সঙ্গে মাঠে নেমেছেন।
তিনি জানান, কৃষকদের সঙ্গে সরাসরি সময় কাটানোর মাধ্যমে তাদের বাস্তব সমস্যা ও কষ্ট সম্পর্কে কাছ থেকে ধারণা পাওয়া যায়। একইসঙ্গে সম্ভাব্য খাল খননের কারণে যাতে কৃষিজমি বা ফসলের ক্ষতি না হয়, সে বিষয়ে স্থানীয়দের মতামত নেওয়া হয়েছে।
এসময় তিনি কৃষকদের ন্যায্যমূল্যে ধান বিক্রির সুযোগ নিশ্চিত করা, পাশাপাশি সার, উন্নত বীজ, সেচ সুবিধা ও কৃষি প্রণোদনা বাড়ানোর বিষয়টি জাতীয় সংসদে তুলে ধরার আশ্বাস দেন।