
রংপুরের গঙ্গাচড়া উপজেলার আলমবিদিতর ইউনিয়নের চওড়া পাড়া এলাকায় দীর্ঘদিন ধরে ব্যবহৃত জনসাধারণের চলাচলের একটি রাস্তা বন্ধের পায়তারার অভিযোগ উঠেছে। এ ঘটনায় ক্ষুব্ধ এলাকাবাসী উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কাছে লিখিত আবেদন করেছেন।
অভিযোগ সূত্রে জানা গেছে, আলমবিদিতর ইউনিয়নের মন্ডলের হাট সড়ক সংলগ্ন চওড়া পাড়ায় পাকা সড়ক থেকে উত্তর ও পশ্চিম দিকে বিস্তৃত প্রায় ১২ ফুট প্রশস্ত ও প্রায় ১ হাজার ২০০ গজ দীর্ঘ রাস্তাটি প্রায় ২৭-২৮ বছর আগে সরকারি অর্থায়নে নির্মিত হয়। দীর্ঘদিন ধরে কয়েকশ পরিবার এই রাস্তাটি ব্যবহার করে আসছেন।
স্থানীয়দের অভিযোগ, গত ২৮ এপ্রিল বিকেলে কয়েকজন ব্যক্তি ভাড়াটিয়া লোকজন নিয়ে এসে রাস্তার ওপর জোরপূর্বক ১০টি খুঁটি স্থাপন করেন। এতে অটোভ্যানসহ বিভিন্ন যানবাহনের চলাচল ব্যাহত হয় এবং সাধারণ মানুষ চরম দুর্ভোগে পড়েন। এলাকাবাসীর আশঙ্কা, ভবিষ্যতে সেখানে প্রাচীর নির্মাণ করে পুরো রাস্তা বন্ধ করে দেওয়া হতে পারে।
এছাড়া শুক্রবার (৮ মে) দুপুরে আবারও ইট ফেলে রাস্তা বন্ধের চেষ্টা করা হয় বলে অভিযোগ ওঠে। খবর পেয়ে গঙ্গাচড়া মডেল থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে রাস্তা বন্ধের কাজ বন্ধ করে দেয়।
রাস্তা বন্ধের পায়তারার অভিযোগ উঠেছে ওই এলাকার ইলিয়াস আলী (৫০), ইউনুস আলী (৫৫), মোখলেছুর রহমান (৪৫) ও আব্দুর রাজ্জাকের (২৮)-এর বিরুদ্ধে।
এদিকে রাস্তা সংলগ্ন এলাকায় একটি নতুন মহিলা মাদ্রাসার নির্মাণকাজ চলমান রয়েছে। ফলে রাস্তা বন্ধ হয়ে গেলে শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয় বাসিন্দাদের চলাচলে মারাত্মক সমস্যা সৃষ্টি হবে বলে আশঙ্কা করছেন এলাকাবাসী।
এ বিষয়ে গঙ্গাচড়া সহকারী কমিশনার (ভূমি) হামিদুল ইসলাম বলেন, “দীর্ঘদিন ধরে জনসাধারণ কোনো জায়গা দিয়ে চলাচল করলে সেটি আর কেউ বন্ধ করতে পারে না। আমি রোববার ঘটনাস্থল পরিদর্শন করে প্রয়োজনীয় ব্যবস্থা নেব।”
এলাকাবাসী দ্রুত প্রশাসনের হস্তক্ষেপ কামনা করে জনসাধারণের চলাচলের রাস্তা উন্মুক্ত রাখতে কার্যকর ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।