
ঢাকা জেলা পুলিশের বিশেষ অভিযানে ঢাকা জেলা গোয়েন্দা শাখা (ডিবি-উত্তর) পৃথক পৃথক অভিযানে ৩০০ পিস ইয়াবা ট্যাবলেট ও ১ কেজি গাঁজাসহ ৯ জন পেশাদার মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে।
ঢাকা জেলা পুলিশ সুপার মোঃ মিজানুর রহমানের নির্দেশনায় ডিবি (উত্তর)-এর অফিসার ইনচার্জ সাইদুল ইসলামের নেতৃত্বে পরিচালিত এসব অভিযানে আশুলিয়া, ধামরাই ও সাভার মডেল থানার বিভিন্ন এলাকায় অভিযান চালানো হয়।
ডিবি সূত্রে জানা যায়, বৃহস্পতিবার ভোর ২টা ৪৫ মিনিটে আশুলিয়ার বুড়িরপাড়া এলাকায় অভিযান চালিয়ে পাঁচ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়। এ সময় তাদের কাছ থেকে ১০০ পিস ইয়াবা ট্যাবলেট ও ৫০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। উদ্ধারকৃত মাদকের আনুমানিক মূল্য ৪৫ হাজার টাকা।
গ্রেফতারকৃতরা হলেন— মোঃ রিয়াজ উদ্দিন (৩৮), সাবু সরকার (৩১), মোঃ মালেক পাঠান (৪৭), মোঃ মাসুম হোসেন (২৩) ও মোঃ রফিক (২৫)।
এর আগে বুধবার রাত ১০টা ৩০ মিনিটে আশুলিয়ার কাঠগড়া এলাকায় পৃথক অভিযানে মোঃ জহিরুল ইসলাম (৪২) নামে এক মাদক ব্যবসায়ীকে ৫০ পিস ইয়াবাসহ আটক করা হয়।
একই দিন রাত ৯টা ৩০ মিনিটে ধামরাইয়ের কাওয়াখোলা এলাকায় অভিযান চালিয়ে মোঃ রতন মিয়া (৩৫) নামে আরেক মাদক ব্যবসায়ীকে ১০০ পিস ইয়াবাসহ গ্রেফতার করা হয়।
অন্যদিকে সন্ধ্যা ৬টা ৫ মিনিটে সাভার মডেল থানার উত্তর কলমা এলাকায় অভিযান চালিয়ে মোসাঃ মল্লিকা আক্তার ওরফে মলিনা (৪০)-কে ৫০০ গ্রাম গাঁজাসহ আটক করা হয়।
পরবর্তীতে রাত ১১টা ৪৫ মিনিটে সাভারের শ্যামপুর এলাকায় আরও একটি অভিযানে মোঃ জহিরুল ইসলাম (৪২)-কে ৫০ পিস ইয়াবাসহ গ্রেফতার করা হয়।
পুলিশ জানায়, গ্রেফতারকৃতদের মধ্যে রিয়াজ উদ্দিনের বিরুদ্ধে ১০টি, সাবু সরকার, মালেক পাঠান ও রতন মিয়ার বিরুদ্ধে একাধিক মাদকসহ বিভিন্ন মামলা রয়েছে।
ধৃত আসামিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে আদালতে পাঠানো হয়েছে।