শনিবার, ১৬ মে ২০২৬, ০৮:৩৩ পূর্বাহ্ন
পিরোজপুরের মঠবাড়িয়া পৌরসভায় প্রায় ৯ কোটি ২০ লাখ টাকা ব্যয়ে নির্মিত আধুনিক ফিস মার্কেটটি নির্মাণ শেষ হওয়ার ছয় বছর পার হলেও এখনো চালু হয়নি। এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংকের সহায়তায় নির্মিত তিনতলা ভবনটি দীর্ঘদিন বন্ধ থাকায় সরকার রাজস্ব হারাচ্ছে এবং স্থানীয় ব্যবসায়ী ও সাধারণ মানুষ দুর্ভোগে পড়ছেন।
মার্কেট চালু না হওয়ায় মাছ ও ফল ব্যবসায়ীরা সড়কের ওপর ব্যবসা করছেন। এতে ঢাকা-মঠবাড়িয়া-পাথরঘাটা মহাসড়কে প্রায়ই যানজট সৃষ্টি হচ্ছে। স্থানীয় ব্যবসায়ীরা জানান, নির্দিষ্ট স্থান না থাকায় তারা আর্থিক ক্ষতির মুখে পড়ছেন।
মঠবাড়িয়া বণিক সমিতির সাবেক সিনিয়র সহ-সভাপতি আবুল কালাম অভিযোগ করেন, অতীতে অনিয়মিত স্টল বরাদ্দের কারণে জটিলতা তৈরি হয়েছে। বর্তমানে নতুন করে প্রভাবশালী মহল বরাদ্দ নিয়ে তৎপর হওয়ায় সমস্যার সমাধান হচ্ছে না।
উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পৌর প্রশাসক আকলিমা আক্তার জানান, মার্কেটটি উপজেলা পরিষদের কাছে হস্তান্তর করা হয়েছে এবং ইজারা কার্যক্রম চলমান রয়েছে। দ্রুত মার্কেট চালুর পাশাপাশি সড়ক দখলমুক্ত করার উদ্যোগ নেওয়া হবে বলে তিনি জানান।
স্থানীয়দের আশা, দ্রুত ফিস মার্কেট চালু হলে ব্যবসায়ীদের দুর্ভোগ কমবে, যানজট নিরসন হবে এবং সরকারের রাজস্ব আয় বাড়বে।