শনিবার, ১৬ মে ২০২৬, ১২:১৬ অপরাহ্ন
সাভারের শিল্পাঞ্চল আশুলিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) হিসেবে যোগদান করেছেন তরিকুল ইসলাম। গত রোববার (২৬ এপ্রিল) তিনি বিদায়ী ওসি রুবেল হাওলাদারের স্থলাভিষিক্ত হয়ে আনুষ্ঠানিকভাবে থানার দায়িত্বভার গ্রহণ করেন।
নতুন ওসির যোগদান উপলক্ষে আশুলিয়ার বিভিন্ন সামাজিক ও পেশাজীবী সংগঠনের পক্ষ থেকে তাকে অভিনন্দন ও শুভেচ্ছা জানানো হয়েছে। স্থানীয় বাসিন্দারা আশা প্রকাশ করছেন, নবনিযুক্ত ওসির চৌকস নেতৃত্বে আশুলিয়া থানার আইনশৃঙ্খলা পরিস্থিতির আমূল পরিবর্তন আসবে। বিশেষ করে তার পূর্বের অভিজ্ঞতা ও পেশাদারিত্ব কাজে লাগিয়ে এলাকায় মাদক নির্মূল, ছিনতাই রোধ ও কিশোর গ্যাংয়ের মতো অপরাধ দমনে তিনি বলিষ্ঠ ভূমিকা রাখবেন—এমনটাই প্রত্যাশা সাধারণ মানুষের।
প্রশাসনিক সূত্রে জানা গেছে, ২০২৪ সালের ৫ আগস্টের রাজনৈতিক পটপরিবর্তনের পর গত দেড় বছরে আশুলিয়া থানায় ধারাবাহিকভাবে প্রায় ৬ জন অফিসার ইনচার্জ বদলি হয়েছেন। নিয়মিত প্রশাসনিক প্রক্রিয়ার অংশ হিসেবেই এই সর্বশেষ রদবদল সম্পন্ন হয়েছে বলে জানা যায়।
এদিকে দায়িত্ব গ্রহণের পর থেকেই সামাজিক যোগাযোগমাধ্যমসহ বিভিন্ন মাধ্যমে নতুন ওসিকে অভিনন্দন জানাচ্ছে স্থানীয় জনগণ। সাধারণ মানুষ ও বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে আসা শুভেচ্ছা বার্তায় বলা হয়, একজন দক্ষ ও জনবান্ধব পুলিশ কর্মকর্তা হিসেবে তরিকুল ইসলাম আশুলিয়াকে একটি নিরাপদ জনপদ হিসেবে গড়ে তুলবেন এবং সাধারণ মানুষ যেন দ্রুত ও হয়রানিমুক্ত আইনি সেবা পায় তা নিশ্চিত করবেন।
নতুন ওসি হিসেবে দায়িত্ব গ্রহণের পর থানা এলাকার নিরাপত্তা ও জনশৃঙ্খলা বজায় রাখতে তিনি সর্বস্তরের মানুষের সহযোগিতা কামনা করেছেন।