
দেশে সাংবাদিক নির্যাতন বন্ধ ও গণমাধ্যমকর্মীদের সুরক্ষা নিশ্চিত করার লক্ষে গঠিত ‘সাংবাদিক নির্যাতন প্রতিরোধ কমিটি, বাংলাদেশ’-এর কেন্দ্রীয় কমান্ড কাউন্সিলের সভাপতি ও সাধারণ সম্পাদক মনোনীত করা হয়েছে। নবগঠিত এই কমিটিতে সভাপতি হিসেবে মনোনীত হয়েছেন বাংলা পোর্টালের সম্পাদক ও বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরামের (বিএমএসএফ) ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান আহমেদ আবু জাফর। সাধারণ সম্পাদক মনোনীত হয়েছেন এটিএন বাংলার বিশেষ প্রতিনিধি আলী আজগর ইমন।
শনিবার (২৫ এপ্রিল) দুপুরে সংগঠনের এক ভার্চুয়াল সভা শেষে সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়। দেশের বিভিন্ন অঞ্চলের সাংবাদিকদের অংশগ্রহণে অনুষ্ঠিত ওই সভায় সর্বসম্মতিক্রমে এই সিদ্ধান্ত নেওয়া হয়।
সংগঠনটির পক্ষ থেকে জানানো হয়েছে, সারাদেশে সাংবাদিক নির্যাতন প্রতিরোধে শিগগিরই ১৫১ সদস্যবিশিষ্ট একটি পূর্ণাঙ্গ কেন্দ্রীয় কমান্ড কাউন্সিল গঠন করা হবে। এই কাউন্সিলে সাংবাদিকদের পাশাপাশি আইনজীবী, চিকিৎসক, শিক্ষক, ইমাম-পুরোহিত, অবসরপ্রাপ্ত সরকারি কর্মকর্তা, ব্যবসায়ী, নারী ও ছাত্রনেতা এবং মানবাধিকার কর্মীদের সম্পৃক্ত করার পরিকল্পনা রয়েছে।
সংগঠনের লক্ষ্য ও প্রেক্ষাপট:
উল্লেখ্য, ২০২০ সালে করোনা মহামারিকালীন সময়ে সাংবাদিকদের ওপর নির্যাতনের হার বেড়ে গেলে এই সংগঠনের আত্মপ্রকাশ ঘটে। বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরামের সহযোগী সংগঠন হিসেবে এটি মাঠপর্যায়ে কাজ করে আসছে। ইতিপূর্বে দেশের বিভিন্ন জেলা ও উপজেলায় শাখা কমিটি গঠনের মাধ্যমে সংগঠনটি তাদের কার্যক্রম পরিচালনা করেছে। এখন কার্যক্রমের পরিধি আরও বিস্তৃত করতে কেন্দ্রীয় কমান্ড কাউন্সিল গঠনের উদ্যোগ নেওয়া হয়েছে।
কমিটির নবনির্বাচিত নেতৃবৃন্দ জানান, সাংবাদিক নির্যাতনমুক্ত বাংলাদেশ গড়ার লক্ষ্যে তারা ঐক্যবদ্ধভাবে কাজ করবেন। সভাপতি ও সাধারণ সম্পাদক মনোনয়নের পর এখন দ্রুততম সময়ের মধ্যে অন্যান্য পদগুলো পূরণ করে পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হবে।