শনিবার, ১৬ মে ২০২৬, ০৯:২৯ পূর্বাহ্ন
চলতি মৌসুমে খুলনার কয়রা উপজেলায় তরমুজের বাম্পার ফলন হয়েছে। আবহাওয়া অনুকূলে থাকায় ও রোগবালাই কম হওয়ায় খেতভরা পাকা তরমুজ ঘরে তুলছেন চাষিরা। একই সঙ্গে বাজারে ভালো দাম পাওয়ায় লাভের মুখ দেখে হাসি ফুটেছে কৃষকের মুখে।
উপজেলার আমাদি, বাগালী ও কয়রা সদর ইউনিয়নের চরাঞ্চলে এবার ব্যাপক তরমুজ চাষ হয়েছে। লবণাক্ত জমিতেও উচ্চফলনশীল জাত ও মালচিং পদ্ধতিতে চাষ করে সফল হয়েছেন কৃষকরা। স্থানীয় চাষিরা জানান, বিগত বছরের তুলনায় এবার ফলন ও দাম দুটোই ভালো।সরজমিনে গেলে আমাদি ইউনিয়নের চন্ডিপুর গ্রামের বর্গুনাথ ঢালী জানান, _“১৪ বিঘা জমিতে ৪ লক্ষ টাকার মতো খরচ করে ১৪-১৬ কেজি ওজনের তরমুজ পেয়েছি। আশা করি ১০ লাখ টাকার ওপরে বিক্রি হবে। আবহাওয়া ভালো থাকায় তেমন ফল নষ্ট হয়নি।”_আরো বলেন আমাদের থেকে পাইকাররা কিনে নিয়ে ট্রাকযোগে পাঠাচ্ছেন খুলনা, ঢাকা ও চট্টগ্রামসহ দেশের বিভিন্ন মোকামে।বর্তমানে স্থানীয় বাজারে বড় ও মাঝারি তরমুজ ২০০ থেকে ৫৫০ টাকায় এবং ছোট তরমুজ ১০০ থেকে ১৫০ টাকায় বিক্রি হচ্ছে। পাইকারি পর্যায়ে সর্বনিম্ন ১৫ টাকা কেজি দরেও লাভ থাকছে বলে জানান চাষিরা। কৃষি বিভাগের হিসেবে, অনুকূল আবহাওয়া থাকায় এ বছর উৎপাদন খরচ কমে লাভ বেড়েছে।