
ঢাকা জেলা ডিবি (উত্তর) পুলিশের বিশেষ অভিযানে পৃথক দুইটি অভিযানে মোট ২২১ পিস ইয়াবা ট্যাবলেট এবং মাদক বিক্রির নগদ ২০,০০০ টাকা উদ্ধারসহ ৩ জন পেশাদার মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে।
ঢাকা জেলা পুলিশের পুলিশ সুপার জনাব মোঃ মিজানুর রহমানের নির্দেশনায় পরিচালিত এই অভিযানে নেতৃত্ব দেন ডিবি (উত্তর)-এর অফিসার ইনচার্জ জনাব সাইদুল ইসলাম।
ধামরাইয়ে অভিযান
২১ এপ্রিল ২০২৬ তারিখ রাত ৮টা ৩০ মিনিটে ধামরাই থানা এলাকায় অভিযান চালিয়ে এসআই শেখ মফিজুর রহমান ও তার টিম মোঃ মোস্তাফিজুর রহমান মিঠু (২৮)-কে গ্রেফতার করেন। এ সময় তার কাছ থেকে ১৫০ পিস ইয়াবা ট্যাবলেট (আনুমানিক মূল্য ৪৫,০০০ টাকা) এবং মাদক বিক্রির নগদ ২০,০০০ টাকা উদ্ধার করা হয়।
সাভারে পৃথক অভিযান
পরবর্তী অভিযানে ২২ এপ্রিল ২০২৬ তারিখ রাত ১২টা ১৫ মিনিটে সাভার মডেল থানা এলাকায় এসআই মোঃ আরিফুল ইসলাম ও তার টিম সাদিকুল ইসলাম শ্রাবন (২০) ও নাহিদুল ইসলাম মালু (৪৫)-কে গ্রেফতার করেন। এ সময় তাদের কাছ থেকে ৭১ পিস ইয়াবা ট্যাবলেট (আনুমানিক মূল্য ২১,৩০০ টাকা) উদ্ধার করা হয়।
পূর্বের মামলা ও আইনি ব্যবস্থা
জানা গেছে, গ্রেফতারকৃতদের মধ্যে মোস্তাফিজুর রহমান মিঠুর বিরুদ্ধে পূর্বে একটি মামলা এবং সাদিকুল ইসলাম শ্রাবনের বিরুদ্ধে একটি মাদক মামলা রয়েছে।
গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করে আদালতে প্রেরণ করা হয়েছে।
পুলিশ জানিয়েছে, মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে এবং সমাজ থেকে মাদক নির্মূলে এ ধরনের অভিযান আরও জোরদার করা হবে