শনিবার, ১৬ মে ২০২৬, ০৮:৩৩ পূর্বাহ্ন
মুন্সীগঞ্জের লৌহজং উপজেলায় তিন সাংবাদিকের বিরুদ্ধে দায়ের করা কথিত মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১১ এপ্রিল) বেলা সাড়ে ১১টার দিকে হলদিয়া বাজারে অবস্থিত বিক্রমপুর প্রেসক্লাবের সামনে লৌহজং সাংবাদিক সমাজের ব্যানারে এ কর্মসূচি পালিত হয়।সমাবেশে বক্তারা অভিযোগ করেন, পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে একাধিক সাংবাদিক ষড়যন্ত্রের শিকার হচ্ছেন। দৈনিক নিরপেক্ষ ও দৈনিক সভ্যতার আলো পত্রিকার লৌহজং প্রতিনিধি শহিদুল ইসলাম সুরুজ সম্প্রতি সাতঘড়িয়া গ্রামে সংঘটিত একটি ঘটনার ভিডিও ও সংবাদ সংগ্রহ করতে গেলে পরবর্তীতে তাকে হত্যা মামলায় জড়িয়ে দেওয়া হয়। অথচ ঘটনাস্থলে তার উপস্থিতির ভিডিওতে দেখা যায়, তিনি মারধর বন্ধের আহ্বান জানাচ্ছিলেন।বক্তাদের দাবি, একটি অসাধু চক্র—যারা বিভিন্ন সময় সুরুজের অনুসন্ধানী প্রতিবেদনের মাধ্যমে মাদক ব্যবসা ও অনিয়ম ফাঁস হওয়ায় ক্ষুব্ধ—তারা পরিকল্পিতভাবে তাকে মামলায় ফাঁসিয়েছে। একই সঙ্গে অভিযোগ করা হয়, ঘটনার রাতে পুলিশ সময়মতো ঘটনাস্থলে পৌঁছালে হতাহতের ঘটনা এড়ানো সম্ভব হতে পারত।এদিকে, মুন্সীগঞ্জের এনটিভি প্রতিনিধি ও স্থানীয় দৈনিক মুন্সীগঞ্জর সময় পত্রিকার সম্পাদক মইনুদ্দিন আহম্মেদ সুমন এবং দৈনিক বাংলাদেশ প্রত্রিকার মুন্সীগঞ্জ প্রতিনিধি আবু সাঈদ দেওয়ান সৌরভের বিরুদ্ধেও মিথ্যা মামলা দায়েরের প্রতিবাদ জানানো হয়। একটি দুর্নীতির সংবাদ প্রকাশের জেরে সংশ্লিষ্ট এক কর্মকর্তা তাদের বিরুদ্ধে আদালতে মামলা করেন বলে অভিযোগ উঠে।মানববন্ধন থেকে অবিলম্বে এসব “মিথ্যা ও বানোয়াট” মামলা প্রত্যাহার এবং সাংবাদিকদের বিরুদ্ধে হয়রানিমূলক কার্যক্রম বন্ধে প্রশাসনের জরুরি হস্তক্ষেপ কামনা করা হয়।মানববন্ধনে উপস্থিত ছিলেন বিক্রমপুর প্রেসক্লাবের সভাপতি মো. মাসুদ খান, সাবেক সাধারণ সম্পাদক শেখ সাইদুর রহমান টুটুল, লৌহজং উপজেলা প্রেসক্লাবের সভাপতি আবু নাসের খান লিমন, সাধারণ সম্পাদক তাজুল ইসলাম রাকিব, লৌহজং প্রেসক্লাবের সাবেক সভাপতি মিজানুর রহমান ঝিলু, লৌহজং প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মানিক মিয়া, বিক্রমপুর প্রেসক্লাবের দপ্তর সম্পাদক কাজী আরিফ, উপজেলা প্রেস ক্লাবের কোষাধ্যক্ষ মো. স্বপন বেপারী, দপ্তর সম্পাদক মো. জাহিদ হাসান, সাংবাদিক সোহেল রানা, মো. সুবিন, আবু বক্কর সিদ্দিক, আব্দুর রাজ্জাক হোসেন সুমন, শেখ মো. রাকিব, শেখ মো. কাওছার, নবীন হোসেন ও পিংকি রহমান প্রমুখ।এছাড়া সাংবাদিক সুরুজের স্ত্রীসহ স্থানীয় এলাকাবাসীর একটি অংশ মানববন্ধনে অংশগ্রহণ করে সংহতি প্রকাশ করেন।