শনিবার, ১৬ মে ২০২৬, ১০:২৯ পূর্বাহ্ন
ঢাকা জেলার সাভারের জয়নাবাড়ী কান্দারচর এলাকায় চাঞ্চল্যকর ও নৃশংস মহিদুল ইসলাম (৩৪) হত্যা মামলার রহস্য উদঘাটন করেছে র্যাব। ঘটনার পর থেকে পলাতক থাকা মামলার প্রধান আসামি মোঃ আকরামুল ইসলাম (৪৫)-কে ঝিনাইদহ থেকে গ্রেফতার করা হয়েছে।
গতকাল ০৯ এপ্রিল ২০২৬ তারিখ বিকেলে র্যাব-৪ ও র্যাব-৬ এর একটি যৌথ আভিযানিক দল ঝিনাইদহের শৈলকূপা থানাধীন গাড়াগঞ্জ এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত আকরামুল ঝিনাইদহ সদর উপজেলার স্টেডিয়াম পাড়া এলাকার মোঃ আশরাফুল ইসলামের ছেলে।
নিহত মহিদুল ইসলাম ঢাকার খিলক্ষেত এলাকায় থেকে রেন্ট-এ-কারের মাইক্রোবাস চালাতেন। গত ৩০ মার্চ ২০২৬ তারিখে সাভারের জয়নাবাড়ী কান্দারচর এলাকার একটি ফাঁকা জমি থেকে তার ক্ষতবিক্ষত মরদেহ উদ্ধার করে পুলিশ। নিহতের মাথায়, নাকে এবং গলায় ধারালো অস্ত্রের গুরুতর জখম ছিল। ধারণা করা হয়, ২৯ মার্চ রাত থেকে ৩০ মার্চ সকালের মধ্যে যেকোনো সময় তাকে নৃশংসভাবে হত্যা করে লাশ ফেলে রাখা হয়।
ঘটনার পর নিহতের পরিবার সাভার থানায় একটি হত্যা মামলা দায়ের করলে র্যাব-৪ ছায়াতদন্ত শুরু করে। মামলার তদন্তকারী কর্মকর্তার আবেদনের প্রেক্ষিতে র্যাব-৪ এর কোম্পানি কমান্ডার অতিঃ পুলিশ সুপার মোঃ শাহীনুর কবির এবং স্কোয়াড কমান্ডার মোঃ হালিউজ্জামানের নেতৃত্বে গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করা হয়।
পরবর্তীতে তথ্য-প্রযুক্তির সহায়তায় ঘাতক আকরামুলের অবস্থান শনাক্ত করা হয়। এরপর র্যাব-৪ (সাভার ক্যাম্প) ও র্যাব-৬ (ঝিনাইদহ ক্যাম্প) যৌথ অভিযান পরিচালনা করে তাকে গ্রেফতার করতে সক্ষম হয়।
র্যাব সূত্র জানিয়েছে, প্রাথমিক জিজ্ঞাসাবাদে হত্যাকাণ্ডের সাথে সংশ্লিষ্টতার বিষয়ে গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া গেছে। গ্রেফতারকৃত আসামিকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তরের মাধ্যমে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।
উল্লেখ্য, র্যাব-৪ সন্ত্রাস ও অপরাধ দমনে তাদের নিয়মিত অভিযানের অংশ হিসেবে এ ধরনের চাঞ্চল্যকর মামলার রহস্য উদঘাটন ও অপরাধীদের আইনের আওতায় আনতে তৎপরতা অব্যাহত রেখেছে।