
আসন্ন পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে শেরপুর জেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক ও স্থিতিশীল রাখতে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (৫ মার্চ) দুপুরে শেরপুর পুলিশ সুপারের কার্যালয়ের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত এ সভায় সভাপতিত্ব করেন পুলিশ সুপার মো. কামরুল ইসলাম। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শেরপুর-১ (সদর) আসনের সংসদ সদস্য মো. রাশেদুল ইসলাম রাশেদ।সভায় জেলার বর্তমান আইনশৃঙ্খলা পরিস্থিতি পর্যালোচনার পাশাপাশি মাদক নির্মূল, ইভটিজিং প্রতিরোধ এবং চোরাচালান বন্ধে জিরো টলারেন্স নীতি গ্রহণের বিষয়ে আলোচনা করা হয়।
এছাড়া ঈদ উপলক্ষে ঘরমুখো মানুষের নিরাপদ যাতায়াত নিশ্চিত করতে শহর ও মহাসড়কে যানজট নিরসনে ট্রাফিক পুলিশের তৎপরতা আরও জোরদার করার সিদ্ধান্ত নেওয়া হয়।
পুলিশ সুপার মো. কামরুল ইসলাম বলেন, আসন্ন ঈদুল ফিতরকে সামনে রেখে জেলার নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। অপরাধ দমন এবং জননিরাপত্তা নিশ্চিত করতে পুলিশ বাহিনী সর্বদা সতর্ক অবস্থানে থাকবে।
সভায় অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মো. মিজানুর রহমান ভূঁঞা, শেরপুর সদর থানার অফিসার ইনচার্জ মো. সোহেল রানা, ডিআইও-১ মো. মিজানুর রহমান, টিআই-১ মো. মমিনুল ইসলামসহ বিভিন্ন রাজনৈতিক ব্যক্তিবর্গ ও পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।